গৌরনদীতে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তারকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়েছে।
টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টরকী বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহত কবিতার স্বজনেরা। এ সময় কবিতার স্বজনেরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের বাধার কারণে মহাসড়কের ওপর থেকে তাঁরা চলে যান।
মানববন্ধন চলাকালে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবদিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান প্রমুখ।
গত রোববার সকালে কবিতাকে অপহরণ করে হত্যা করে দুষ্কৃতকারীরা। অপহরণের দুই দিন পর বাড়ির পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গত মঙ্গলবার হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।