খাদ্যবান্ধব কর্মসূচির জন্য নিযুক্ত ডিলারের গাফিলতিতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কার্ডধারী ব্যক্তিরা গত অক্টোবর মাসের চাল থেকে বঞ্চিত হয়েছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গৌরনদীর সাতটি ইউনিয়নে ১০ হাজার ৪৪৯ জন সুবিধাভোগী রয়েছেন। এর মধ্যে বার্থী ইউনিয়নে কার্ডধারী মানুষের সংখ্যা ৯৭৭ জন। তাঁদের প্রত্যেককে প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দিতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আজিজকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি অক্টোবর মাসের জন্য বরাদ্দকৃত চাল খাদ্যগুদাম থেকে তোলেননি। এর ফলে ইউনিয়নের কার্ডধারী লোকজন ওই মাসের চাল থেকে বঞ্চিত হয়েছেন।
উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী বলেন, ডিলার আজিজকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও তিনি ট্রেজারি চালান জমা দিয়ে চাহিদাপত্র (ডিও) ইস্যু করাননি। নিয়মানুযায়ী মাসের শেষ দিন পর্যন্ত গুদাম থেকে চাল তোলা যায়। মাস পার হয়ে যাওয়ায় এখন আর অক্টোবরের চাল তোলা যাবে না।
অভিযোগের বিষয়ে ডিলার আবদুল আজিজ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় সমস্যা থাকায় তিনি সংশোধনী চেয়েছেন। তা না হওয়ায় তিনি চাল উত্তোলন ও বিক্রি করেননি।
তবে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, বার্থী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম শুরুর পরপরই ডিলার আজিজের বিরুদ্ধে চাল কালোবাজারে বিক্রি, মাপে কম দেওয়াসহ নানা অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে জবাব চাওয়ায় তিনি অভিমান করে চাল তোলেননি।
উপজেলা খাদ্য কর্মকর্তা এ বি সফিকুল ইসলাম বলেন, চাল তোলায় গাফিলতির ঘটনায় গত ২৯ অক্টোবর ডিলার আজিজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে এভাবে দরিদ্র মানুষকে চালবঞ্চিত করার কারণে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরবর্তী পাঁচ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।
ডিলার আজিজ গত ৩ নভেম্বর নোটিশের জবাব দিয়েছেন। এতেও তিনি দাবি করেছেন, ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ত্রুটি আছে। সেগুলো সংশোধন না করায় তিনি চাল তোলেননি।
খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি ইউএনও মো. মাহবুব আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।