গৌরনদীতে ১৭টি সেচ প্রকল্পের পানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যানের বিরুদ্ধে ১৭টি সেচ প্রকল্পের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আড়াই হাজার একর জমির বোরোর আবাদ হুমকির মুখে পড়েছে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গত বুধবার মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সেতুর গোড়ায় ও মাহিলাড়া লাল পোলের গোড়ায় দুটি প্রাইমারি সেচ প্রকল্পের বাঁধ কেটে দেন। এতে ১৭টি সেকেন্ডারি প্রকল্পের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তাঁদের বোরো খেত শুকিয়ে যাচ্ছে। শিগগির পানি সরবরাহ না করা হলে ধানগাছ মরতে শুরু করবে।
বাটাজোর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাওলাদার প্রথম আলোকে বলেন, সৈকত গুহ মাহিলাড়া লাল পোল থেকে বাটাজোর ইউনিয়নের উত্তর-পশ্চিম চন্দ্রহার সরকারি খালের মাহিলাড়া অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলেন। এ কারণে দুটি ইউনিয়নের পাঁচটি বোরো প্রকল্প চালু করতে পারছিলেন না চাষিরা। পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। এরপর ইউএনওর নির্দেশে তিনি (আবদুর রব) গত বুধবার তাঁর অংশে থাকা বাঁধ কেটে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ তাঁর এলাকায় থাকা দুটি প্রাইমারি প্রকল্পের বাঁধ ওই দিনই কেটে দেন। এতে মোট ১৭টি সেকেন্ডারি প্রকল্পের সেচ সরবরাহ বন্ধ হয়ে যায়।
মাহিলাড়া লাল পোল থেকে বাটাজোর ইউনিয়নের উত্তর-পশ্চিম চন্দ্রহার খালের মুখে লাল পোল প্রাইমারি সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. শাহজাহান সরদার বলেন, সৈকত গুহ তাঁর প্রাইমারি সেচ প্রকল্পের বাঁধ কেটে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে তাঁর সেকেন্ডারি পাঁচটি বোরো প্রকল্পে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ৫০০ একর জমির বোরোর খেতে পানি দেওয়া যাচ্ছে না।
মাহিলাড়া ছয়গ্রাম খালের মাহিলাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সেতুর গোড়ায় প্রাইমারি সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, মাহিলাড়া বাসস্ট্যান্ড থেকে বাটাজোর ইউনিয়নের ঘেয়াঘাট পর্যন্ত খালে বোরো মৌসুমে পানি থাকত না। ফলে ২০ হাজার কৃষক প্রায় দুই হাজার একর জমিতে বোরোর চাষ করতে পারছিলেন না। কয়েক বছর আগে মাহিলাড়া বাসস্ট্যান্ডের সেতুর গোড়ায় পাম্প বসিয়ে প্রাইমারি সেচ প্রকল্প চালু করেন তিনি। কিন্তু মাহিলাড়া ইউপির চেয়ারম্যান প্রকল্প বন্ধ করে দেন। এতে ১২টি প্রকল্পের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ঘেয়াঘাট পশ্চিম সেকেন্ডারি সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. কামাল আকন বলেন, এভাবে পানি সরবরাহ বন্ধ থাকলে চলতি বছর বোরোর উৎপাদন মারাত্মক বিঘ্নিত হবে। কয়েক হাজার কৃষক ফসল বঞ্চিত হবেন।
ঘেয়াঘাট গ্রামের অলক মিস্ত্রি, খোকন মোল্লা, রফিকুল ইসলাম ও লক্ষ্মণকাঠী গ্রামের হায়দার হোসেনসহ কয়েকজন কৃষক বলেন, এ সময় ধানগাছের গোড়ায় সার্বক্ষণিক পানি থাকা দরকার। কিন্তু প্রাইমারি সেচ বন্ধ করে দেওয়ায় তাঁরা খেতে পানি দিতে পারছেন না। তাঁরা জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করতে স্থানীয় সাংসদ, প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের ব্যাপারে কথা বলতে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহর মুঠোফোনে দুদিন ধরে রিং দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে সেচ চালু করতে হবে। তা না হলে বোরো ফসলের ক্ষতি হবে। ইউএনও মো. মাহবুব আলম বলেন, কৃষকদের স্বার্থে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।