সাধারণ জ্ঞান থেকে শুরু করে রাজনীতি। হাতে লেখা বই, অনুবাদ, বিজ্ঞান, দর্শন, জ্যোতির্বিদ্যা—কী নেই এখানে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের জ্ঞানের চাহিদা পূরণে সেই শুরু থেকে আজ অবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি। আজ ৪ নভেম্বর পাঠাগারটির ১২৬ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা উৎসব-অনুষ্ঠান।
আয়োজন, আয়োজক: পাঠাগারটি পরিচালনার জন্য রয়েছে ১৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ। বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক আবদুল মতীন খান।
সম্পাদক আবদুল মতীন খান জানান, পাঠাগারটির ১২৬ বছর পূর্তি দিবসটি স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঠাগার ভবনকে সাজানো হয়েছে রঙিন করে। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো ও পুলিশ সুপার আলমগীর কবীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাক্ষী ইতিহাস: তখনো পাবনায় বিদ্যুৎ আসেনি। এমন একটি সময়ে ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয় পাঠাগারটি। তখনই পাঠকের সুবিধার জন্য লাগানো হয় ১৩ টাকা আট আনা মূল্যের পেট্রোম্যাক্স লাইট। সন্ধ্যার পর সে আলোয় পড়াশোনা করতেন পাঠকেরা। ১৯৩৬ সালে ১০০ টাকা ব্যয়ে পাঠাগারটিতে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হলো। শুরু থেকেই সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত পাঠকের জন্য দ্বার খোলা থাকে পাঠাগারটির।
এই পাঠাগারে এসেছেন সাহিত্যিক পরিমল কুমার গোস্বামী ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো গুণীজনেরাও।
প্রতিষ্ঠা: পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দের জমিদার গঙ্গা গোবিন্দ চৌধুরীর ছেলে বরদা গোবিন্দ চৌধুরীর কোনো সন্তান ছিল না। একটি ছেলে দত্তক নিয়েছিলেন তিনি। সেই ছেলে অন্নদা গোবিন্দ চৌধুরী নামেই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। এরপর অন্নদা গোবিন্দ চৌধুরীর ছেলে জ্ঞানদা গোবিন্দ চৌধুরী পাঠাগারটিকে আরও বড় করে তোলেন। শুরুতে ১৩ শতাংশ জমির ওপর দুই কক্ষের একটি ভবন নিয়ে এর যাত্রা শুরু হয়। পাঠাগার কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন রাজশাহী বিভাগীয় কমিশনার ডি এইচ লিস। পাঠাগার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পাবনা জেলার ম্যাজিস্ট্রেট কালেক্টর এফ বিজ।
জীর্ণতা আর নতুন ভবন: কালের পরিক্রমায় পাঠাগারটির পুরোনো ভবন ব্যবহার অনুপযোগী ও জরাজীর্ণ হয়ে পড়ে। বই-পুস্তক রক্ষা এবং পাঠকদের সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদে পাঠাগারটি সম্প্রসারণের তাগিদ দেখা দেয়। তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশবরেণ্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী। তাঁর সহযোগিতায় ১৯৯৮ সালে শুরু হয় নতুন ভবন তৈরির কাজ। ২০০২ সালের ৪ নভেম্বর শেষ হয় বিশাল ছয়তলা ভবনটির নির্মাণকাজ।
একালে পাঠাগার: বর্তমানে পাঠাগারটিতে বিশাল পাঠকক্ষ, মিলনায়তনসহ রয়েছে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা। দৈনিক সংবাদপত্র থেকে শুরু করে রয়েছে বিশাল পুস্তক ভান্ডার। সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান, সাংবাদিকতা, লোকসাহিত্য, দর্শন, ধর্ম, শিশুসাহিত্য ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের প্রায় ৩০ হাজার বই আছে এখানে। এ ছাড়া আছে ৯ হাজার ৮০৬টি হাতে লেখা পাণ্ডুলিপি, ২০ হাজার জার্নাল, তিনটি হাতে লেখা তালপাতার বই ও তিন শ বছরের পুরোনো ইংরেজি, বাংলা, উর্দু ও ফারসি ভাষার চার শতাধিক বই। আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত পত্রপত্রিকার বাঁধাই করা সংকলন।