গৌরীপুর আ.লীগে সংঘর্ষ, সাংসদ-সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকিরের কয়েকজন সমর্থকের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ভাঙচুর করেছেন প্রতিপক্ষের লোকজন। এ সময় একজন সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে।
পুলিশ ও দলীয় লোকজন জানান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ মজিবুরের সমালোচনা করায় গত ২২ জুন ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর করা হয়। এর পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী সাংসদের বিরুদ্ধে অবস্থান নেন। এ নিয়ে সাংসদের সমর্থকদের সঙ্গে তাঁদের উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সন্ধ্যায় কলতাপড়া বাজারে গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের অন্তত ৩০ জন সমর্থক মোটরসাইকেলে চড়ে আসার সময় সাংসদের একদল সমর্থক তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন আহত হন। এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেয়রের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে পৌর এলাকায় সাংসদের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম এবং সাংসদের ভাতিজা দিপু মিয়ার বাড়িতে হামলা করেন। নুরুলের বেশ কয়েকটি কক্ষের আসবাব ভাঙচুর করা হয়। দিপুর বাড়িতে থাকা একটি ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
পরে সাংসদের সমর্থক সোমনাথ সাহার দোকানে ভাঙচুর ও লুটপাট এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবু কায়সারকে কুপিয়ে জখম করেন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাংসদ মজিবুর গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ফরিদকে দিগম্বরের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবু ওই ঘটনার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তাঁর কর্মী-সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ তাণ্ডব চালিয়েছে।
এ হামলায় তাঁর কর্মী-সমর্থকের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মেয়র রফিকুল বলেন, ‘আমার কার্যালয়ে ইফতার মাহফিল ছিল। কর্মীরা ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন। সম্প্রতি শিক্ষককে দিগম্বর করার ঘটনার জেরে দুষ্কৃতকারীরা এ হামলা চালিয়েছে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গতকাল রাতে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেউ অভিযোগ দেয়নি।