গৌরীপুর ও দেবীদ্বারে দুই খুন, বরুড়ায় লাশ উদ্ধার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নওয়াগাঁওয়ে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষ দা দিয়ে কুপিয়ে জালাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে ছুরিকাঘাতে ফয়েজ আহমেদ (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল বই ব্যবসায়ী আক্তার হোসেনের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।
গৌরীপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুজিখা গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে নওয়াগাঁওয়ের তাজ্জত আলীর বিরোধ ছিল। গত সোমবার রাতে জালাল উদ্দিন তাজ্জত আলীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাজ্জতের পক্ষের লোকেরা তাঁর পরিচয় জানতে চান। এ নিয়ে জালাল উদ্দিনের সঙ্গে তাজ্জতের পক্ষের লোকদের কথা-কাটাকাটি হয়। গতকাল বেলা ১১টার দিকে আবারও জালাল উদ্দিন তাজ্জতের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় সোমবার রাতের ঘটনার জের ধরে তাজ্জতের লোকেরা লাঠিসোঁটা ও দা দিয়ে জালালের ওপর হামলা চালান। এ সময় জালালের মাথায় দায়ের কোপ লাগে। তাঁকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বিকেলে পুলিশ তাজ্জতের বাড়িতে অভিযান চালিয়ে তাজ্জাত ও নুরুল ইসলামকে আটক করেছে। গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদুল হাসান বলেন, দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ তৈরি করা হয়। সোমবার রাতে ওই পূজামণ্ডপে পূজা দেখতে যান দেবীদ্বার উপজেলার মোহনপুর ও বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের কয়েকজন যুবক। এ সময় মণ্ডপের কাছে মোহনপুর গ্রামের ফয়েজ আহমেদের সঙ্গে আবিদপুর গ্রামের কয়েকজন যুবকের প্রথমে কথা-কাটাকাটি হয়। এরপর ওই যুবকেরা ফয়েজকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে ফয়েজকে বাঁচাতে গিয়ে আহত হন মোহনপুর গ্রামের মেহেদী হাসান, গণি মিয়া ও মো. রাসেল। এ সময় ওই যুবকেরা ফয়েজকে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডার কারণে ছুরিকাঘাতে ফয়েজের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল সকাল আটটায় বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের বই ব্যবসায়ী আক্তার হোসেনের লাশ তাঁর বাড়ির পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার বলেন, ‘আমার বাড়ির পাশেই আক্তারের বাড়ি। এক দিন আগ থেকেই আক্তার নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার ফজরের নামাজের পর বাড়ির পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ বলেন, আক্তারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।