গৌরীপুরে অটোরিকশায় ছাত্রীর শ্লীলতাহানি, মহিলা পরিষদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় চলন্ত অটোরিকশার ভেতরে কলেজছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের কথা উল্লেখ করে মহিলা পরিষদ জানিয়েছে, এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী বাড়ি ফেরার জন্য অটোরিকশায় উঠলে অটোচালক অন্য যাত্রী না উঠিয়েই চালানো শুরু করে। পথে চারজন ওই অটোরিকশায় উঠে এ ঘটনা ঘটায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নির্যাতনের শিকার ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, চলন্ত গাড়িতে ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। বিবৃতিতে নির্যাতনের শিকার ছাত্রীর সুচিকিৎসাসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে। নারীর স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিতকরণ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে মহিলা পরিষদ। বিজ্ঞপ্তি