গৌরীপুরে অবৈধ স্ট্যান্ড যানজটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের কাছে সড়কের ওপর গড়ে উঠেছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড।
এ ছাড়া যাত্রীবাহী বাস দীর্ঘ সময় থামিয়ে রেখে যাত্রী ওঠা-নামা করায় দিনের বেশির ভাগ সময়ই এখানে যানজট লেগে থাকে।
গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই গৌরীপুর বাসস্ট্যান্ড। সড়কের ওপর দাঁড়িয়ে আছে যাত্রীবাহী ও খালি বাস এবং অটোরিকশা। দীর্ঘ সময় বাস থামিয়ে রেখে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। ফলে সড়কে যানবাহন চলাচলের জায়গা থাকছে না। এ কারণে ওই সড়কের বাস-ট্রাকসহ ব্যক্তিগত গাড়িগুলোকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। ঢাকা থেকে কক্সবাজারগামী ‘শ্যামলী পরিবহন’-এর চালক বাবুল শেখ বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কের এই অবস্থা। একবার যানজটে পড়লে অন্তত আধা ঘণ্টা বসে থাকতে হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, যত্রতত্র বাস ও অটোরিকশা দাঁড়িয়ে থাকায় মহাসড়কে যানজট লেগেই থাকে। এতে সড়ক পার হওয়া কঠিন হয়ে পড়ে। আশপাশের ছয়টি কলেজ, দুটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে এ সড়কটি নিয়মিত পার হতে হয়। তা ছাড়া বাসস্ট্যান্ডের পাশেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মুমূর্ষু রোগীদেরও সময়মতো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া কঠিন হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসচালক বলেন, বাস থামানোর আলাদা জায়গা না থাকায় তাঁরা মহাসড়কের ওপরই বাস থামিয়ে যাত্রী ওঠাতে-নামাতে বাধ্য হন। দাউদকান্দি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এখানে অটোরিকশা রেখে যাত্রী ওঠা-নামা করেন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জুবায়েদুল আলম অবৈধ স্ট্যান্ডের কারণে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, অবরোধ-হরতালের কারণে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। হরতাল-অবরোধের পর এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।