গৌরীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীকে নির্যাতন ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে হওয়া দুটি মামলায় গতকাল শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল আহমেদ কিছুদিন ধরে দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। কিন্তু অনুমতি দিতে রাজি না হওয়ায় তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। গতকাল সকালে তাঁর স্ত্রী গৌরীপুর থানায় নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। ওই দিনই জেলা গোয়েন্দা ও গৌরীপুর থানার পুলিশ দুলালকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গত ২ আগস্ট উপজেলার সোনাকান্দি গ্রামে ষাঁড়ের লড়াই নিয়ে জুয়া খেলার আয়োজন করা হয়। জুয়া খেলা বন্ধের জন্য পুলিশ সেখানে যায়। এ সময় দুলালের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুলাল ও তাঁর ২৫ জন সমর্থকের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা করে।