ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্ত সন্দেহে পুলিশের চার উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্যকে গ্রামবাসী আটক করেছেন৷ গত বুধবার রাতে উপজেলার হিম্মতনগর গ্রামে এ ঘটনা ঘটে৷ এক ঘণ্টা পরে অবশ্য থানা থেকে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে৷
সাদাপোশাকে আসামি ধরতে যাওয়ায় ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে৷ অথচ কিছুদিন আগেই ঢাকা বিভাগের ডিআইজি সাদাপোশাকে অভিযান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন৷ আটক হওয়া পাঁচজন হলেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন, চন্দন কুমার, মো. আলমগীর, শরীফুল ইসলাম ও কনস্টেবল মো. শাহরিয়ার৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত আটটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর বাজারের একটি বাড়িতে গ্রাম্য সালিস চলছিল৷ এ সময় গৌরীপুর থানার পুলিশ পরিচয় দিয়ে পাঁচজন হিম্মতনগর গ্রামের মতিউর রহমান ও মোতালেব মিয়া নামের দুই ভাইকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় মতিউর তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চান৷ কিন্তু পুলিশ সদস্যরা ওই প্রশ্নের জবাব না দিয়ে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন৷ এতে সাদাপোশাকধারী পুলিশ সদস্যদের দুর্বৃত্ত মনে করে তাঁরা চিৎকার শুরু করেন৷ চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তঁাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন এবং পুলিশের পাঁচ সদস্যকে আটক করেন৷
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশ সদস্যদের আটকের খবর পেয়ে রাত নয়টায় গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে আসেন৷ আটক পুলিশ সদস্যদের উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের বাধা দেন। পরে গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলী ও অচিন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাম্মদ উল্লাহর মধ্যস্থতায় আটক পুলিশের সদস্যদের ছেড়ে দেওয়া হয়৷
গৌরীপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাজউদ্দিন দাবি করেন, ‘হিম্মতনগর গ্রামের মাহমুদা আক্তার মতিউর রহমান ও মোতালেব মিয়ার বিরুদ্ধে জমি দখলের একটি মামলা করেন৷ মামলার পরিপ্রেক্ষিতে আসামি ধরতে গেলে গ্রামবাসীর সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়৷ পরে আসামি না ধরেই ফিরে আসতে বাধ্য হই।’
গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, ভুল-বোঝাবুঝির কারণেই গ্রামবাসী পুলিশের সদস্যদের আটকে রাখে৷ পরে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷