গৌরীপুরে রাতভর চলে জুয়া সেহ্রি খাইয়ে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা স্কুল মোড়ে রোজার মাসেও রাতভর জুয়ার আসর চলছে।
ময়মনসিংহ ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও এখানে খেলতে আসেন জুয়াড়িরা। রোজায় রাতভর জুয়া খেলা শেষে আয়োজকেরা মুনাফা লুটে জুয়াড়িদের সেহ্রি খাইয়ে, যাতায়াতের ব্যয় হিসাবে কিছু টাকা দিয়ে ভোররাতে বিদায় দেন। রাতভর জুয়ার আসরের শব্দে গ্রামবাসী ঘুমাতে না পারলেও পুলিশ কিছুই জানে না। আর জনপ্রশাসন নিশ্চুপ।
ডৌহাখলা গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রোজার আগে থেকেই ডৌহাখলা স্কুল মোড়ে আবদুল আজিজ নামের এক ব্যক্তির ব্যবসায়িক গুদামঘরে জুয়ার আসর বসেছিল। রাতপ্রতি টাকা পান আবদুল আজিজ। বাইরের কিছু লোক আসরটি চালায়। তারা আসে গভীর রাতে। গ্রামবাসী তাদের চেনে না।
রাতে গ্রামের পথে চলাচলকারী প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ১০টা-সাড়ে ১০টা বাজলেই মাইক্রোবাস, কার, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে দূরদূরান্ত থেকে জুয়াড়িরা আসতে শুরু করে। ডৌহাখলা উচ্চবিদ্যালয় মাঠে রাখা হয় জুয়াড়িদের ওই সব যানবাহন। রাত ১২টায় জমে ওঠে আসর। চলে ভোর পর্যন্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক জুয়া খেলায় অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, প্রতি রাতে কমপক্ষে এক কোটি টাকার জুয়া খেলা হয়। সেহ্রির সময় জুয়াড়িদের জন্য বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা রাখেন আয়োজকেরা। এ ছাড়া যাতায়াত খরচ হিসেবে জুয়াড়িদের প্রতিটি ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসকে পাঁচ হাজার, অটোরিকশা এক হাজার ও মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা করে দেয় আয়োজকেরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত গত বৃহস্পতিবার রাতেও জুয়া খেলা হয় বলে জানা গেছে। গত শনিবার আবদুল আজিজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার গুদামে জুয়ার আসর বসে না। বাইরের কিছু গুদামসংলগ্ন মোড়ে আসরটি বসে। তাদের নাম ও মুঠোফোন নম্বর চাইলে তিনি রাতে স্পটে যেতে বলেন। রাতে যেতে অপারগতা প্রকাশ করলে আয়োজকদের নাম ও মুঠোফোন নম্বর পরে জানাবেন বলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহ্ওয়াজ বলেন, ‘দ্বিতীয় রোজার দিন পুলিশ আসরটি ভেঙে দিয়েছিল।’ তিনি আরও বলেন, গভীর রাতে আসর জামানোয় প্রশাসন অনেক সময় জানতে পারে না।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ডৌহাখলায় জুয়ার আসর বসে বলে তাঁদের জানা নেই।
এদিকে সংশ্লিষ্ট ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেশে না থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পাশের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহেদ মণ্ডল ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সাত্তার মণ্ডলের সঙ্গে এ ব্যপারে কথা বলার চেষ্টা করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।