গৌরীপুরে শতবর্ষী পুকুর ভরাট করে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গো-হাটায় অবস্থিত শতবর্ষী একটি পুকুরের অংশবিশেষ ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে৷ স্থানীয় পরিছন্নতাকর্মীদের বসবাসের জন্য ওই ভবন নির্মাণ করা হচ্ছে৷
এর আগে ২০১২ সালের জুনে পুকুরটির ভরাটকাজ শুরু হলে পরিবেশ অধিদপ্তর কাজ বন্ধের নির্দেশ দেয়৷ তখন কিছুদিনের জন্য ভরাটকাজ থেমে ছিল৷ বর্তমানে প্রকাশ্যেই পুকুর ভরাট করে ভবন নির্মাণের কাজ চলছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ১০০ বছর আগে গৌরীপুরের তৎকালীন জমিদার বজেন্দ্র কিশোর রায় চৌধুরী গো-হাটা এলাকায় বসবাসরত পরিচ্ছন্নতাকর্মীদের সুবিধার জন্য পুকুরটি খনন করেছিলেন৷ জমিদার প্রথা বিলুপ্তির পর স্থানীয় মৎস্যচাষিরা পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন৷
গত বৃহস্পতি ও শনিবার সরেজমিনে দেখা গেছে, একটি পাড়ে পুকুরটির একটি অংশ মাটি ফেলে ভরাট করা হয়েছে৷ নরম মাটির ওপরই চলছে ভবন নির্মাণের কাজ৷ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা জন্ম থেকেই পুকুরটি দেখে আসছেন৷ পৌর মেয়র কাজটি করায় তাঁরা এর বিপক্ষে অবস্থান নিতে পারছেন না৷ পরিচ্ছন্নতাকর্মীদের বসবাসের ফলে গো-হাটায় প্রধান সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে বলে পুকুরের অংশ ভরাট করে তাঁদের বসবাসের জন্য ওই ভবন নির্মাণ করা হচ্ছে৷ তবে পুকুরপাড়ে বসতি হওয়ায় পরিবেশ আরও নষ্ট হবে বলে স্থানীয় বাসিন্দারা জানান৷
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিচয় গোপন করে স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে একাধিকবার পরিবেশ অধিদপ্তর ও জাতীয় মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন৷ এর ভিত্তিতে ২০১২ সালে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুকুরটি পরিদর্শনও করে যান৷ সর্বশেষ মানবাধিকার কমিশনে পাঠানো একটি লিখিত অভিযোগের ভিত্তিতে গত রোববার গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগ পুকরটি পরিদর্শন করেন৷
মাসুম আলী বেগ বলেন, এক ব্যক্তি পুকুরটি ভরাট করা হচ্ছে বলে মানবাধিকার কমিশনে অভিযোগ করেন৷ কিন্তু লিিখত অভিযোগের িচঠিতে দেওয়া ঠিকানায় গিয়ে ওই নামের কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি৷ তিনি বলেন, স্থানীয় ব্যক্তিদের অভিযোগ ঠিক নয়৷ পুকুরের পাড় সংস্কার করে পরিছন্নতাকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে৷
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘জনস্বার্থে পুকুরের ২০ শতক জায়গা ভরাট করে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা এমন প্রতিবেদন পাঠিয়েছি৷ প্রতিবেদনের কোনো জবাব আমরা এখনো পাইনি৷’
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ একটি সড়কের ওপর পরিচ্ছন্নতাকর্মীরা বাস করছেন৷ এতে পথচারীদের অনেক অসুবিধা হচ্ছে৷ তাই পুকুরের পাড় সংস্কার করে পরিচ্ছন্নতাকর্মীদের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে৷ তিনি বলেন, ভালো কাজ করলে রাজনৈতিক প্রতিপক্ষ সব সময় কুৎসা রটায়৷ পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে আবাসন নির্মাণের অনুমতি দিয়ে গেছে বলে তিনি জানান৷