গৌরীপুরে শিয়াল ধরার ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরের ষোলপাই গ্রামে শিয়াল ধরার ফাঁদে ধরা পড়েছে একটি মেছো বাঘ। পরে পুলিশ এটিকে উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়েছে।
পুলিশ, বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা আবু সিদ্দিক গৌরীপুরের ষোলপাই গ্রামের একটি বাড়িতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করেন। হাঁসের খামারে প্রায়ই শিয়ালের আক্রমণ হয়। এতে কিছুদিন আগে খামারের পাশে শিয়াল ধরার ফাঁদ পাতেন। গত রোববার রাতে ফাঁদে ওই মেছো বাঘটি আটকা পড়ে।
খবর পেয়ে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গৌরীপুর থানা পুলিশ মেছো বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় সেটি দেখতে স্থানীয় অনেকেই ভিড় করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, মেছো বাঘটিকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।