গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় চার বাসযাত্রী নিহত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে চার যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন গৌরীপুর উপজেলার ফাতেমা বেগম (২২) ও ঈশ্বরগঞ্জ উপজেলার মো. শরিফুল (৩৫)। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গতকাল সকালে ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে ভৈরব যাচ্ছিল। বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শিবপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার পর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলতে থাকে। এ সময় বাসের ভেতর যাত্রীরা চিৎকার করতে থাকেন। এভাবে এক কিলোমিটার চলার পর গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী বাসযাত্রী (৫০) নিহত হন। দুর্ঘটনার পর গৌরীপুর থানার পুলিশ ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
আহত অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ফাতেমা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শরিফুল ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩২) মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে রুবেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), আক্তার বেগম (২৩), তানিয়া (২২), আজিজুর রহমান (৪৫), আবু তাহের (৪৮), আবদুর রাজ্জাক (৫০), আবদুল আজিজ (৩৫), সোহেল মিয়া (২৫), ফজলুল করিম (৩৫) ও মাহমুদুল হাসানকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ব্রেক ফেল (নিয়ন্ত্রণ হারিয়ে) হয়ে বাসটি এক কিলোমিটারের বেশি চলার পর সড়কের পাশে পড়ে যায়। পুলিশ নিহত বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা করছে। এই ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।