গৌড়মতির কেজি ৫০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি এলাকায় গাছে ঝুলছে গৌড়মতি আম    l ছবি: প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি এলাকায় গাছে ঝুলছে গৌড়মতি আম l ছবি: প্রথম আলো

আমচাষি ও ব্যবসায়ীদের মতে, এবার চাঁপাইনবাবগঞ্জের আম বিক্রি হয়েছে পানির দরে। দারুণ বিপর্যয় ঘটেছে আম ব্যবসায়। মাথায় হাত পড়েছে আম ব্যবসায়ীদের। ব্যতিক্রম দেখা গেল শুধু ‘গৌড়মতি’ আমের ক্ষেত্রে। এ আম বিক্রি হয়েছে চড়া দামে, ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।
দেশে নাবি জাতের গৌড়মতি আমের একমাত্র গাছটি আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বালিয়াদীঘি এলাকায়। বাগান ইজারা নিয়ে কয়েক বছর ধরে গাছটির পরিচর্যা করছেন আমচাষি ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ বছর গৌড়মতির গাছটি থেকে ১০ মণ আম পাওয়া গেছে। এর মধ্যে ছয় মণ ১৬ হাজার টাকা এবং চার মণ ২০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। গাছ থেকে আম পাড়া শেষ হয়েছে ৪ সেপ্টেম্বর। অতিরিক্ত বৃষ্টির কারণে আরও বেশি সময় ধরে গাছে আম রাখা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে আমের দামের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ বলে দাবি জাহাঙ্গীর আলমের।
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, এই সময়ে ভালো কোনো জাতের আম পাওয়া যায় না বলে নাবি জাতের গৌড়মতি আমের এই চড়া দাম।
সাইফুর রহমান আরও বলেন, চার বছর ধরে কৃষি বিভাগের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় গৌড়মতি গাছটি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিবছরই এই আমের ভালো ফলন হচ্ছে। প্রাকৃতিকভাবে সংকরায়ণের মাধ্যমে গৌড়মতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে সাইফুর রহমান বলেন, আশ্বিনা আমের নাবি জাতের বৈশিষ্ট্য এবং ল্যাংড়া আমের আকৃতি, সুগন্ধ ও মিষ্টতার সঙ্গে এর মিল রয়েছে। তবে গৌড়মতির মিষ্টতা ল্যাংড়ার চেয়ে বেশি। ঐতিহাসিক গৌড় অঞ্চলের গৌড় ও মূল্যমানের দিক থেকে উচ্চমান বিবেচনা করে ২০১৩ সালে এর নাম রাখা হয় গৌড়মতি।
২০১৩ সালের ১৬ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় ‘নতুন আম গৌড়মতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক সাড়া পড়ে। এর চারা সংগ্রহের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে থাকেন। এ বিবেচনা থেকে গৌড়মতির চারা তৈরি চলছে দুই বছর ধরে। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এর চারা দেওয়া হয়েছে। আগামী বছর থেকে আগ্রহী আমচাষিদের মধ্যে সীমিত সংখ্যায় চারা বিতরণ করা হতে পারে বলে জানা গেছে।