গো-খাদ্যের সংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার পাশে বেঁধে রাখা গরুকে কচুরিপানা খেতে দেওয়া হয়েছে। গতকাল মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর-যতনপুর সড়কের আটঘর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
রাস্তার পাশে বেঁধে রাখা গরুকে কচুরিপানা খেতে দেওয়া হয়েছে। গতকাল মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর-যতনপুর সড়কের আটঘর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

অকালবন্যায় বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা ধানের সঙ্গে গো-খাদ্য হিসেবে খড়ও হারিয়েছিলেন। তবু আউস ধান থেকে কিছু খড় সংগ্রহের আশা ছিল। কিন্তু চলমান বন্যায় আউস ধানও যাচ্ছে। ফলে গো-খাদ্য পাওয়ার সুযোগ তেমন নেই।

এ অবস্থায় মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হাইল হাওরপারের গ্রামে গ্রামে কৃষকেরা শুধু কচুরিপানা খাইয়ে গরু-বাছুর বাঁচানোর চেষ্টা করছেন।

গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর থেকে যতরপুর পর্যন্ত সড়কের দুই-তিন কিলোমিটারের দুই পাশে সাত-আটটি স্থানে গরু বেঁধে রাখা হয়েছে। গরুর সামনে কচুরিপানা। বেশ কয়েকজন কৃষক গরুর জন্য বন্যার পানির সঙ্গে ভেসে আসা কচুরিপানা সংগ্রহ করছেন। কেউবা কাঁধ ভারে সেই কচুরিপানা বাড়িতে নিয়ে যাচ্ছেন। সপ্তাহখানেক আগেও আটঘর-যতরপুর সড়কের ওপর হাঁটুপানি ছিল। স্থানীয় লোকজন জানালেন, তখন গরু দাঁড় করানোরও জায়গা ছিল না।

আটঘর গ্রামের হাছন খাঁ হাঁটুপানিতে দাঁড়িয়ে গতকাল গরুর জন্য কচুরিপানা সংগ্রহ করছিলেন। একপর্যায়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘একবারে খের (খড়) নাই। পাঁচটা গরু। খালি ফেনা (কচুরিপানা), দল (শাপলা-শালুকের পাতা) আর পানি খাওয়াইরাম। আমপাতা, কাঁঠালপাতা এতাও (এগুলোও) দেই। কিতা (কি) করমু। বোরো খেত নাই। আউসও নাই। আমনের চারাও নষ্ট অই গেছে।’

কাছেই দাঁড়ানো আটঘরের পাশের এলাকা শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের যতরপুরের আনকার মিয়া প্রথম আলোকে বলেন, ‘আল্লায় আমরারে অখন অবসর করি লাইছে (ফেলেছে)। কোনো কামকাজ নাই। আগে ১১ কিয়ার (বিঘা) বোরো খেত পানিতে গেল। বোরোর খের পাইছি না। এখন তিন কিয়ার আউস করছিলাম। এগুলোও শেষ। সাতটা গরু। শুধু কচুরিপানা খাওয়াইয়া পালরাম (লালনপালন করছি)।’

স্থানীয় সূত্রে জানা গেছে, হাইল হাওর মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বিস্তৃত। ঈদুল ফিতরের দু–একদিন আগে থেকেই হাইল হাওরের পানি নাজিরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঢুকতে থাকে। পানি বাড়তে বাড়তে অনেকের বাড়িঘরে উঠে যায়। রাস্তাঘাট তলিয়ে যায়। পুকুরের মাছ ভেসে যায়। নাজিরাবাদ ইউনিয়নের আটঘর, মানিক হাওর, নারাইনপাশা, নওয়াগাঁও, উছনপুর, আগনসি, কালাচানপুর, রাতগাঁও (একাংশ), বরইউরি, সিকরাইল (আংশিক), পইলনপুর, শ্রীমঙ্গলের যতরপুরসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ঈদের চার-পাঁচ দিন পর পানি নামতে থাকে। তবে এখনো অনেকের ঘর ও উঠানে পানি রয়েছে। এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে।

আটঘর গ্রামের লতিফ খাঁ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাপ–দাদার আমল গেল কুনুদিন (কোনোদিন) চাউল কিনিয়া খাইতে অইছে না। বোরো-আউস পানিয়ে নষ্ট অওয়ায় (হওয়ায়) অখন নিজে খাইতাম, না গরুরে খাওয়াইতাম। তবু নিজে একবেলা ভাত না খাইলেও চলে। কিন্তু গরুরে তো না খাওয়াইয়া রাখতাম পারি না। পেনাটেনা আনিয়া খাওয়াইরাম। আর কুনতা (কিচ্ছু) করার নাই।’

আটঘর গ্রামের আনছর মিয়া বলেন, ‘খালি ফেনা খাইয়া গরু দুর্বল অই গেছে। বওয়া (বসা) থাকি উঠত পারে না। আর কদিন বাদে আড়গোড় বারই যাইব (হাড়গোড় বের হয়ে যাবে)।’

নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ এনামুল হক গতকাল প্রথম আলোকে বলেন, গো-খাদ্যের সংকট মারাত্মক হয়ে উঠেছে। দু–একটি গরু মারাও যাচ্ছে। হাওরপারে প্রায় সবাই গরু লালনপালন করেন। বন্যায় ধান নষ্ট হলে খড়ও নষ্ট হয়ে যায়। ইউনিয়নে অন্তত ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে ছিল। এখনো অন্তত ৩০০ ঘরে পানি আছে। তিনি আরও বলেন, ত্রাণ হিসেবে এখন পর্যন্ত সাড়ে ৫ টন চাল ও ৫ টন ৩০০ কেজি গম পেয়েছেন। এ ছাড়া ৪০ জনকে প্রতিমাসে ৫০০ টাকা এবং ৩০ কেজি করে চাল ৩ মাস পর্যন্ত দেওয়া হবে।

সদর উপজেলার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, পানি কিছুটা কমেছে। এখনো অনেক বাড়িতে পানি আছে। নতুন করে ১০ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। এগুলো দুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এদিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী,জেলার বন্যা উপদ্রুত এলাকায় ১ লাখ ৭১ হাজার ৩০টি গরু, ৩৩ হাজার ৩৩টি মহিষ, ৫৭ হাজার ৫৩টি ছাগল, ৭ হাজার ৩৪৮টি ভেড়া, ১ লাখ ৯৩ হাজার ৯৯৭টি হাঁস ও ৬ লাখ ৫৩ হাজার ৬০৮টি মোরগ আছে।

ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিদায়াতুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছুদিন আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গবাদি পশুর জন্য ৩ হাজার ১২১ টন দানাদার খাদ্য ও ৪ হাজার ৩৮৯ টন খড়ের চাহিদা দিয়েছি। এখনো পাইনি। এ ছাড়া টিকাদান ও চিকিৎসার জন্য আমাদের ছয়টি পশু চিকিৎসক দল উপদ্রুত এলাকায় কাজ করছে।’