গোখাদ্যের সংকট, এক সপ্তাহে ৮টি গরুর মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে গত এক সপ্তাহে আটটি গরু মারা গেছে। খাদ্যের অভাবে পচা ধান ও পানি খেয়ে পেট ফুলে গিয়ে এসব গরু মারা যায় বলে জানিয়েছেন কৃষকেরা। এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
মৃগা ইউনিয়নের পল্লি পশু চিকিৎসক মো. সেলিম শাহী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত বুধবার সকালে তিনি ভাটি রাজিবপুর গ্রামের হরলাল বাবুর বাড়ির একটি গাভিসহ কয়েকটি গরুর পেট ফোলা রোগের ওষুধ দিয়েছেন। এ ছাড়া দুই সপ্তাহ ধরে এলাকার অনেক গরুর চিকিৎসা করেছেন। মনে হচ্ছে দূষিত খাদ্যের কারণে গরুর পেট ফুলে গিয়ে মারা যাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অকালবন্যায় ধান তলিয়ে যাওয়ার পর গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে অনেকেই প্রায় অর্ধেক দামে গরু বিক্রি করে দিয়েছেন। কেউ শেষ অবলম্বন হিসেবে গরু রাখার চেষ্টা করছেন, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। গত কয়েক দিনের দাবদাহে হাওরের পানি কিছুটা শুকিয়ে গেছে। কিছু এলাকায় তলিয়ে যাওয়া ধানখেত ভেসে উঠেছে। খাদ্যের অভাবে অনেক গরু এসব পচা ধান ও গর্তে আটকে থাকা দুর্গন্ধযুক্ত পানি খাচ্ছে। এরপর পেট ফোলা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, গত মঙ্গলবার লাইমপাশা গ্রামের কামাল মিয়ার ৫৫ হাজার টাকা দামের একটি গাভি পেট ফোলা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্রায় ৪০ হাজার টাকা মূল্যের তাঁর আরেকটি গাভিও একই কারণে মৃতপ্রায়। সোমবার আইন্দার গ্রামের হবিল মিয়ার ২০ হাজার টাকা দামের একটি বাছুর মারা যায়। হজরত আলীর ১৮ হাজার টাকা মূল্যের একটি বাছুর মারা যায় রোববার। একইভাবে গত সপ্তাহে উজান রাজিবপুর গ্রামের মো. হারিছ মিয়ার ৬০ হাজার টাকা দামের গর্ভবতী গাভি, পাটাবুকা গ্রামের আবদুল মজিদের ৫০ হাজার টাকা মূল্যের গর্ভবতী গাভি, প্রজারকান্দা গ্রামের মো. হুমায়ুন মিয়ার ৪০ হাজার টাকা দামের দুধেল গাভি, আল আমিনের ১২ হাজার টাকা মূল্যের বাছুর, আইন্দার গ্রামের হাক্কানি বেগমের ১৫ হাজার টাকা দামের বাছুর ও বড়বাড়ির রউফ মিয়ার একই মূল্যের একটি বাছুর মারা গেছে।
লাইমপাশা গ্রামের কামাল মিয়াসহ তিনজন কৃষক বলেন, ধানগাছ পানির নিচে তলিয়ে যাওয়ায় কারও ঘরে এখন আর গরুর খাবার নেই। গত ১৫-২০ দিনের রোদের কারণে পানি কিছুটা কমে যাওয়ায় কিছু ধানের জমি ভেসে ওঠে। এসব জমির পচা ধান এবং অনেক গর্তে পচা ধানের আটকে থাকা পানি খেয়ে বাড়িতে আসার পর গরুর পেট ফুলে যায়। সারা রাত অস্থিরতার পর সকালে পায়ুপথ দিয়ে রক্ত এসে মারা যায়। প্রাণিসম্পদ অধিদপ্তর যদি রক্ত পরীক্ষা করে সঠিক ভ্যাকসিন দিত, তাহলে আক্রান্ত গরুগুলো মারা না গিয়ে সুস্থ হতেও পারত।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, গরু মারা যাওয়ার বিষয়টি তাঁকে কেউ জানায়নি। তবে তিনি খোঁজ নিয়ে কেন গরু মারা যাচ্ছে, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।