গোগালীছড়া নদীর ইজারা বাতিলের দাবি
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার ওপর দিয়ে প্রবহমান গোগালীছড়া নদীর ইজারা বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
জুড়ীর বিভিন্ন গ্রামের বাসিন্দাদের করা এ আবেদনে একে প্রবহমান নদী ঘোষণার দাবিও জানানো হয়।
জুড়ীর শাহপুর গ্রামের মো. সরফর আলী, আইয়ূবুর রহমান, আজিজুর রহমান, শফিকুর রহমানসহ সাত-আটজন বলেন, গোগালীছড়া উন্মুক্ত নদী। কোনোভাবেই ইজারাদারের লোকজনকে সেখানে মাছ ধরতে দেওয়া যাবে না। বদ্ধ জলমহালের তালিকা থেকে গোগালীছড়ার নাম কাটতে হবে। ইজারা বাতিল করতে হবে। সাধারণ জেলেদের মাছ ধরার অধিকার দিতে হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার ইজারাদার গোগালীছড়ার জুড়ী উপজেলা অংশে পাঁচ-ছয়টি জাল ফেলেন। এ সময় নদীতীরবর্তী লোকজন বাধা দেন। পরে লোকজন জাল তুলে নিয়ে যান।
ইজারাদার স্থানীয় পূবালী মৎস্যজীবী সমিতির সভাপতি আকদ্দিছ আলী বলেন, ‘আমি সরকারকে রাজস্ব দিয়ে গোগালীছড়া ইজারা নিয়েছি। গত বছর তেমন মাছ ধরতে পারিনি। এবার লোকজন মাছ ধরতে বাধা দিচ্ছে। জাল-নৌকা কেড়ে নিয়েছে। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী বলেন, তিনি এলাকাবাসীর আবেদন পেয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
গোগালীছড়া নদীকে ‘বদ্ধ জলমহাল’ দেখিয়ে গত বছর প্রশাসন ইজারা দেয়। কিন্তু নদীটিকে ‘বদ্ধ জলাশয় নয়’ উল্লেখ করে ২০১৪ সালে প্রশাসনের স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তদন্ত প্রতিবেদনে এটিকে ইজারা না দেওয়া এবং প্রবহমান নদী হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়েছিল।
জাতীয় সংসদের হুইপও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গোগালীছড়া নদীকে শ্রেণি পরিবর্তন করে ‘বদ্ধ জলমহাল’ ঘোষণার বিষয়টি তাঁর আগে জানা ছিল না। এলাকাবাসী লিখিত আবেদন করলে নদীটি ‘বদ্ধ জলমহালের’ তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।