গোচারণ ভূমির মাটি যাচ্ছে ইটভাটায়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাসজমির উপরিভাগের মাটি ইটভাটায় ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই খাসজমিতে গড়ে তোলা গোচারণ ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় তিনটি ইটভাটার মালিকেরা প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার শাপলা বিল এলাকার লালখান কান্দিতে এ খাসজমির অবস্থান। এখানে ১৮ একর ৮০ শতাংশ জমি আছে। এটি শাহজাদাপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ৫৩৬৮ নম্বর দাগে।৮ মার্চ শাপলা বিলসংলগ্ন ওই খাস জায়গায় গিয়ে দেখা যায়, তৃশা ব্রিকস নামের একটি ইটভাটার লোকজন ওই জমি থেকে অবৈধভাবে চারটি ট্রাক্টর দিয়ে মাটি কাটছে।স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, তাঁরা সরকারি ওই জমিতে গোচারণ ভূমি গড়ে তুলেছেন। এ চারণভূমিতে চার-পাঁচটি গ্রামের কয়েক হাজার গবাদিপশু ঘাস খায়। এ ছাড়া স্থানীয় কৃষকেরা এখানে ধান মাড়াই ও শুকানোর কাজ করেন। ভূমি অফিসের লোকজনকে টাকা দিয়ে ওই ইটভাটার মালিক এখান থেকে মাটি কাটাচ্ছেন। গোচারণ ভূমি নষ্ট হওয়ায় এখন তাঁদের গরু ও ছাগল না খেয়ে মারা যাবে।তৃশা ব্রিকসের মালিক গৌরচন্দ্র সাহা দাবি করেন, ‘এলাকার লোকজনের কাছ থেকে মাটি কিনেছি। এটি কোনো সরকারি জায়গা নয়।’শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাদেম বলেন, ‘সরকারি জায়গার মাটি কেটে ইট তৈরি করছে তৃশা ব্রিকস। বিষয়টি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) অনেককে বারবার জানিয়েছি। কে শুনে কার কথা! কোনো কাজ হয়নি।’শাহজাদাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৫ ফেব্রুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনিরুজ্জামান মুঠোফোনে বলেন, ‘আমি বিষয়টি দেখব।’