কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফী অভিযোগ করেছেন, ‘শিক্ষানীতির মাধ্যমে সুকৌশলে ধর্মকে বাদ দিয়ে গোটা জাতিকে ধর্মহীন বানানোর গভীর চক্রান্ত করা হচ্ছে। জনগণ কখনো এটা মেনে নেবে না।’গতকাল শুক্রবার চট্টগ্রামের আল-জামিয়াতুল আহিলয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শাহ্ আহমদ শফী এ কথা বলেন। তিনি বলেন, ধর্মহীন শিক্ষানীতির ফলে সরকারের ভাবমর্যাদা মারাত্মক ক্ষুণ্ন হয়েছে এবং দেশের মানুষ সরকারকে ইসলামের প্রতিপক্ষ হিসেবেই ভাবতে শুরু করেছে। বেফাকুলের চেয়ারম্যান বলেন, নৈতিকতা ও সততার অভাবে দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। সুশাসন ও সুনাগরিক তৈরির জন্য শিক্ষার সর্বস্তরে ধর্মকে বাধ্যতামূলক করা দরকার। ইসলামকে অনুসরণ করতে পারলে এ দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না। আর ইসলামি শিক্ষায় কোনো সন্ত্রাসের স্থান নেই।মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই ধর্মীয় নেতা বলেন, ‘আমাদের অনৈক্য আর নিজ ধর্মের মধ্যে কতিপয় গোমরাহ ও ধর্মবিরোধীর কারণেই বিধর্মীরা সুযোগকে কাজে লাগাচ্ছে।...মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকায় সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। খোদাভীতি থাকলে কারও পক্ষে শরিয়তের হুকুম লঙ্ঘন করা বা হারাম পথে চলা সম্ভব হতো না।’সম্মেলনের শেষে সমাবর্তন অনুষ্ঠানে জামিয়ার প্রায় দুই হাজার দাওরায়ে হাদিস উত্তীর্ণ তরুণ আলেমকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়। বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ জুনায়েদ বলেন, বর্তমান সরকার ইসলামবিরোধী সব জানালা খুলে দিয়েছে। আদালতের রায়ের ওপর ভর করে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ আনা বা বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এ দেশের মানুষ মেনে নেবে না।চট্টগ্রাম এম ই এস কলেজের অধ্যাপক আ ফ ম খালিদ হোসাইন বলেন, জাতীয় শিক্ষানীতিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো খোরাক নেই। এ নীতিমালা ভবিষ্যৎ বংশধরদের আলোকিত মানুষ না বানিয়ে নিরেট ভোগবাদীতে পরিণত করবে। এই শিক্ষানীতির মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে চাপিয়ে দেয়ার অপচেষ্টা করা হয়েছে।মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, নানপুর মাদ্রাসার মাওলানা মুহিব্বুল্লাহ্, মেখল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার মাওলানা মুহাম্মদ নোমান, নাজিরহাট মাদ্রাসার মাওলানা ইদ্রিসসহ প্রখ্যাত আলেমরা সম্মেলনে বক্তব্য দেন।