অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, হল-মার্ক কেলেঙ্কারিকে গোটা ব্যাংক খাত বিবেচনায় নিলে এটি আসলে নোটিশে আনার মতো ঘটনা নয়। তবে সোনালী ব্যাংকের একক ঘটনা হিসেবে বড় ধরনের জালিয়াতি। অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেও হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম যে, গোটা ব্যাংক খাতের জন্য এটা এমন কিছু নয়। চার লাখ কোটি টাকার ব্যাংক খাতের মধ্যে চার হাজার কোটি টাকা নাথিং (কিছুই না)। কিন্তু আমার বক্তব্য তখন খণ্ডিতভাবে পত্রিকায় এসেছিল। তবে এটা ঠিক যে, এককভাবে সোনালী ব্যাংকের জন্য এই কেলেঙ্কারি অনেক বড় কিছু।’
সচিবালয়ে গতকাল বুধবার সোনালী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দুনিয়াজুড়েই ব্যাংক খাতে কিছু না কিছু চুরি-জালিয়াতি হয়। এসব মেনে নিয়েই ব্যবসা করতে হবে এ খাতকে। সোনালী ব্যাংকের জালিয়াতিও বিরাট জালিয়াতি। তবে এর সঙ্গে শুধু হল-মার্ক নয়, সোনালী ব্যাংকের কর্মকর্তারাও জড়িত। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিয়ে কাজ করছে। অভিযোগপত্রে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৪ জনের নাম রয়েছে।
হল-মার্কসহ আরও কয়েকটি অসৎ ব্যবসায়িক গোষ্ঠী সোনালী ব্যাংক থেকে নানা জালিয়াতির মাধ্যমে ২০১০-১২ সময়কালে চার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে গত বছর অর্থমন্ত্রী ‘চার হাজার কোটি টাকা খুব বড় কিছু নয়’ বলে মন্তব্য করেন। দেশজুড়ে তখন অর্থমন্ত্রীর বিরূপ সমালোচনা হয়। যার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী। বৈঠকে সোনালী ব্যাংকের নতুন পর্ষদকে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে বলেন, ‘আমার পরামর্শ ছিল কীভাবে দুর্নীতি হয়েছে তা শনাক্তকরণ করা। সেটি হয়েছে।’
হল-মার্কের কাছ থেকে যতটুকু আদায় করা যায়, তা আদায় করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাকি অর্থ আদায়ের জন্য মামলা করা ছাড়া উপায় নেই। বৈঠক শেষে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত হল-মার্কের সম্পদের মূল্যায়ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। এর পরিমাণ এক হাজার ১৭০ কোটি টাকা। এ সম্পদ সোনালী ব্যাংকের মালিকানায় আনতে হলে মামলার প্রয়োজন হবে বলে মনে করেন তিনিও। সরকারি বন্ডে বিনিয়োগ করা ২২ হাজার কোটি টাকা রয়েছে সোনালী ব্যাংকের। সোনালী ব্যাংক সুদ পায় ৭ শতাংশ। এ ছাড়া ২৬টি ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের এক হাজার ২৫০ কোটি টাকার ঋণপত্র (এলসি) নিষ্পত্তি আটকে রয়েছে। এসব তথ্য উল্লেখ করে প্রদীপ কুমার দত্ত বলেন, বন্ডের সুদের হার বৃদ্ধিসহ উভয় ব্যাপারেই অর্থ মন্ত্রণালয়ের সাহায্য চাওয়া হয়েছে। সোনালী ব্যাংকের এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।