গোদাগাড়ীতে কমছে টমেটোর আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী অঞ্চলের প্রধান ফসল টমেটো। দুই বছর আগে সিনজেন্টা কোম্পানির বীজ দিয়ে প্রায় ১০ হাজার কৃষক টমেটো চাষ করে ক্ষতিগ্রস্ত হন। উন্নত মানের ভালো বীজ না পাওয়ায় ২০১১ সালের তুলনায় চলতি বছর এই উপজেলায় টমেটোর আবাদ প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় চাষিরা মনে করছেন।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গোদাগাড়ীতে ২০১১ সালে প্রায় চার হাজার হেক্টর জমিতে টমেটো চাষ হয়। এতে ৮০ শতাংশ জমিতেই সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করা হয়। ওই বছর সিনজেন্টার বীজ ব্যবহার করে প্রায় ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হন। পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে কোম্পানির পরিবেশকদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এর পর থেকেই কৃষকেরা বীজের ওপর ভরসা করতে পারছেন না। সরকার বীজ সরবরাহকারী কোম্পানিগুলোকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বীজের ‘অ্যারাইভাল’ দেওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু এখনো বেশির ভাগ কোম্পানি তা জমা দেয়নি। এ সুযোগে একটি প্রতারক চক্র গোদাগাড়ীতে নকল বীজ বাজারজাত করছে। এতে কৃষকেরা প্রতারিত হওয়ার ভয়ে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন। এ কারণে ২০১২ সালে মাত্র দুই হাজার ৭৬০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়।
গত মাসে উপজেলার হরিশংকরপুর এলাকায় এনার্জি প্যাক কোম্পানির সালামত জাতের মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির সময় ইউএনও তুহিনুর আলম মেসার্স কামাল ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করেন।
উপজেলার মহিশালবাড়ী এলাকায় জামালপুর সিডস কোম্পানির লাভলি জাতের নকল বীজ বিক্রির সময় কোম্পানির লোকেরা মনির বীজভান্ডারের মালিক মনিরুল ইসলামকে পুলিশে সোপর্দ করেন।
জামালপুর সিডসের সহকারী ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম বলেন, তাঁরা কৃষকের কাছে কোম্পানির নকল বীজ দেখতে পান। ওই কৃষকের মাধ্যমেই তাঁরা মনির বীজভান্ডারে গিয়ে নকল বীজের সন্ধান পান। তিনি আরও বলেন, এ জন্য টমেটো বীজ নিয়ে কৃষকদের মধ্যে হতাশা রয়েছে। তবে কোম্পানি এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে।
গত শুক্রবার গোদাগাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা শীতকালীন টমেটো রোপণের কাজ শুরু করেছেন।
সিনজেন্টার বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত চাষিদের একজন মোখলেছুর রহমান। তিনি বলেন, ২০১১ সালে তিনি ও তাঁর ভাই মিলে ৫৫ বিঘা জমিতে টমেটো চাষ করেছিলেন। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলা করা হলেও উচ্চ আদালত স্থগিতাদেশ দেন। টাকাপয়সার অভাবে আর খোঁজ নিতে পারছেন না।
উপজেলার কানাইডাঙ্গার কৃষক নাজমুল হক বলেন, বীজ নিয়ে তাঁরা ভরসা পাচ্ছেন না। এ জন্য বেশি করে টমেটোর আবাদ করতে সাহস পাচ্ছেন না। দুই বছর আগে তাঁর নয় বিঘা জমিতে টমেটো আবাদ হয়েছিল। এবার চার বিঘা জমিতে তিনি টমেটো চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, নকল বীজ প্রতিরোধের জন্য তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কৃষকদের উৎসাহিত করতে ৩৫ লাখ টাকা ঋণের বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, এবার দুই হাজার ৬০০ হেক্টর জমিতে টমেটো চাষ হবে বলে আশা করা যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪০০ হেক্টরে টমেটোর বীজ রোপণ করা হয়েছে।