গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাত বছরের শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সুলতানগঞ্জ মাজারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আমেনা খাতুন। সে উপজেলার জাহানাবাদ গ্রামের আতাবুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমেনা সুলতানগঞ্জ মাজারগেট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী যাত্রীবাহী মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ জনতা কিছুক্ষণের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।