আদিবাসীদের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে গতকাল শনিবার রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট কলেজ মাঠে দিনব্যাপী আদিবাসী মেলার আয়োজন করা হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আসুসের সমন্বয়ে ডিস্ট্রিক্ট পাবলিক পলিসি ফোরাম এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক বিচিত্রা তির্কী। প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক শীলা তাসনীম হক, কাঁকনহাট পৌর মেয়র আবদুল মজিদ, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ। মেলায় দিনব্যাপী আদিবাসীদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাতাটানা খেলা, লাঠি খেলাসহ অন্যান্য খেলা ও নাচ-গান অনুষ্ঠিত হয়। মেলায় ১৫টি আদিবাসী স্টল স্থান পায়। অনুষ্ঠানে ১০টি আদিবাসী দল নৃত্য পরিবেশন করে। প্রধান অতিথি প্রতিটি দলকে একটি করে মুঠোফোন উপহার দেন।