গোদাগাড়িতে দুই আদিবাসীকে হত্যার চেষ্টার অভিযোগ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী দুই যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকেরা হলেন, উপজেলার পলাশী গ্রামের বাসিন্দা জোনাস মার্ডির ছেলে রবিদাস মার্ডি (৩০) ও রবি কিস্কুর ছেলে ফনি কিস্কু (৩৪)। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একই গ্রামের যুবক নবীন খাঁ ও জাহাঙ্গীর আলম আদিবাসী পাড়ায় রবিদাসের বাড়ির উঠানে আড্ডা দিচ্ছিলেন। রাত গভীর হওয়ায় নবীন খাঁকে বাড়ি যেতে বললে রবিদাসের ওপর ক্ষিপ্ত হন নবীন। তর্কাতর্কির একপর্যায়ে রবিদাসের গলায় ছুরি দিয়ে আঘাত করেন নবীন। রবিদাসের চিৎকারে তাঁর দূর সম্পর্কের ভাই ফনি এগিয়ে আসেন। তাঁর গলায়ও ছুরির পোচ বসিয়ে দেন নবীন। রবিদাসের স্ত্রী শিলফিনা টুডু বলেন, তিনি রাতে ঘুমিয়েছিলেন। হঠাৎ স্বামীর চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তিনি মাটিতে পড়ে ছটফট করছেন। পরে আশপাশের লোকজন এসে রবিদাস এবং ফনিকে হাসপাতালে নেন।