গোদাগাড়ীতে কলেজছাত্র খুন
রাজশাহীর গোদাগাড়ীতে গত শনিবার তরিকুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে নেশাদ্রব্য খাইয়ে ও মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তরিকুল উপজেলার মাটিকাটা ইউনিয়নের বোগদামারী গ্রামের রুহুল আমীনের ছেলে। তিনি মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
বড় ভাই রজব আলী অভিযোগ করেন, ওই দিন রাত সাড়ে আটটার দিকে তরিকুলের বন্ধু বোগদামারী উত্তরপাড়া গ্রামের সাগর তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা স্থানীয় একটি দোকান থেকে বাদাম কিনে বাড়ির পেছনে মাঠের মধ্যে যান। সেখানে সাগরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে বাদামের সঙ্গে দেশীয় মদসহ বিভিন্ন নেশাদ্রব্য ও চেতনানাশক খাইয়ে অজ্ঞান করেন। পরে তাঁরা একটি মাফলার দিয়ে তরিকুলের মুখ বেঁধে মারধর করে ফেলে রেখে যান। রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসী তাঁকে একটি গমখেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন সাগর। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, ফোন করে পরিবার শুধু মৃত্যুর ঘটনা জানিয়েছে। এ ব্যাপারে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।