গোদাগাড়ীতে গ্রীষ্মকালীন টমেটোর ফলনও ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ থেকেই পাইকারি ক্রেতারা এসে নিয়ে যাচ্ছেন টমেটো। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। রাজশাহীর গোদাগাড়ীতে এবার পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন টমেটোর চাষ হয়েছে। রমজানের শুরু থেকেই এ টমেটো পাকা শুরু হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শীতকালীন টমেটো চাষের জন্য রাজশাহীর গোদাগাড়ীর ব্যাপক সুনাম রয়েছে। ওই মৌসুমে এখানে প্রায় ২৫০-৩০০ কোটি টাকার টমেটো কেনা-বেচা হয়। আগাম টমেটোর চাহিদার প্রতি লক্ষ্য রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এবার গোদাগাড়ীতে পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন টমেটো (বারি হাইব্রিড-৪) চাষ করা হয়েছে। উপজেলার অবলকপুর, ধামিলা, চৈতন্যপুর, ঈমামগঞ্জ ও রাজাবাড়ি এলাকায় এই টমেটো চাষ করা হয়েছে।কয়েক দিন আগে উপজেলার অবলকপুর গ্রামের কৃষক আতাউর রহমানের জমিতে গিয়ে দেখা যায়, তাঁর খেতে গাছে গাছে টমেটো পেকে রয়েছে। তিনি ১০ কাঠা জমিতে এই টমেটো চাষ করেছেন। এই জমিতে তাঁর ৯৮০টি গাছ হয়েছে। রমজানের শুরু থেকে এ পর্যন্ত এ জমি থেকে তিনি ১০ মণ টমেটো তুলেছেন।কৃষকদের টমেটোর পরিচর্যায় সহায়তা করছেন গোদাগাড়ী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার। তিনি জানান, এ জমিতে পোকা দমনের জন্য কোনো বালাইনাশক ব্যবহার করা হয়নি। বোর্ডে গ্রিজ মাখিয়ে পোকা দমন করা হয়েছে। আর গাছে টমেটো একেবারে পুষ্ট হয়ে পাকতে শুরু করলেই ওঠানো হচ্ছে। পাকানোর জন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি।কৃষক আতাউর রহমান জানান, পাইকারি ক্রেতারা জমিতে এসেই টমেটো নিয়ে যাচ্ছেন। এ জমিতে তাঁর ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে সেই খরচ তাঁর উঠে গেছে। এই জাতের টমেটো আট মাস ধরে ফলন দেয়।রোববার রাজশাহীর সাহেববাজারে গিয়ে দেখা যায়, এই টমেটোগুলো খুচরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, তাঁরা গোদাগাড়ীতে পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন টমেটোর চাষ শুরু করেছিলেন। এতে তাঁরা সফল হয়েছেন। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এ এলাকায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হবে।