গোদাগাড়ীতে বাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলার গোদাগাড়ীর সোনাদীঘি এলাকায় আজ মঙ্গলবার দুপুরে চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয় ২০ যাত্রী। আহত লোকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহী নগরের আসাম কলোনির আবুল কাশেমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও তাঁর ছেলে মহির উদ্দিন (৩৫)। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, শাহমুখদুম পরিবহন নামের বাসটি যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় মহাসড়কের সোনাদীঘি এলাকায় অপর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।