গোদাগাড়ীতে যুবলীগ ও বাঘায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যুবলীগের এক নেতা এবং বাঘায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাজশাহী জেলা যুবলীগের সহ-অর্থ সম্পাদক আবদুল হামিদ (৪০) ও বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টার দিকে গোদাগাড়ীর প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল হামিদ ওই গ্রামের একজন আদিবাসীর বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন এসে হামিদকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গোদাগাড়ী মডেল থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় হামিদের বিরুদ্ধে ওই আদিবাসী মেয়েটি মামলা করেছে। পরে হামিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রোববার বিকেল চারটার দিকে বাঘার পাকুড়িয়া গ্রামের এক গৃহবধূ নদীতে গোসল করতে যান। এ সময় পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও তাঁর বন্ধু কালু ওই গৃহবধূকে জোর করে পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, এ ঘটনায় ওই গৃহবধূ মতিউর ও কালুর বিরুদ্ধে মামলা করেছেন। গত সোমবার রাতে মতিউরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।