গোদাগাড়ীতে সিরাপিনার ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামের আদিবাসী তরুণী সিরাপিনা মার্ডির ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল মঙ্গলবার উপজেলার কাঁকনহাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ কাঁকনহাট পৌরসভা শাখার সভাপতি নন্দলাল টুডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমলচন্দ্র রাজোয়ার, সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র হেমব্রম, সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি ও বোন সাবিনা মার্ডি। বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন বাবা কর্নেলিউস মার্ডি। তিনি বলেন, ‘ধর্ষকদের আত্মীয়স্বজন ও গ্রামের আদিবাসী নেতাদের চাপে গ্রাম্য সালিসে বিষয়টি নিয়ে আপস করতে বাধ্য হই। কিন্তু সিরাপিনার আত্মহত্যার পর আমি এর বিচার দাবি করছি। আমি মেয়ের ধর্ষকদের বিচার দেখে যেতে চাই।’ বড় বোন সাবিনা মার্ডি বলেন, গ্রাম্য সালিসের বিচার সিরাপিনা কখনোই মেনে নিতে পারেনি। এটাই সিরাপিনার আত্মহত্যার মূল কারণ।গত বছরের ৪ এপ্রিল রাতে সিরাপিনা গণধর্ষণের শিকার হন। মামলা করলেও পরে তাঁর বাবা চাপে পড়ে গ্রাম্য সালিসে আপসরফা করেন। সিরাপিনা মানসিক ভারসাম্য হারিয়ে গত ২০ ফেব্রুয়ারি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।