গোদাগাড়ীতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষক নিহত
জমিতে সেচ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সংঘর্ষে আক্কাস আলী (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও সাতজন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গোদাগাড়ীর নুন্দাপুর গ্রামের ওমর আলীর ছেলে আক্কাস বুধবার সন্ধ্যায় চাত্রাপুর গ্রামে তাঁর ভাইয়ের গভীর নলকূপ থেকে জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী জমিতে পানি চান অপর কৃষক আবুল হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আটজন আহত হন। মারাত্মক আহত অবস্থায় আক্কাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা ওমর আলী বাদী হয়ে গতকাল গোদাগাড়ী থানায় মামলা করেছেন। পুলিশ চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন ও তাঁর স্ত্রী সাহার বানুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আসামি আবুল হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।