গোদাগাড়ীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে গ্রামপুলিশের এক সদস্যের বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম হালিমা খাতুন (২৫)। গত রোববার রাতে উপজেলার কমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত হালিমার ভাই দুখু মিয়া বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ গভীর রাতে গ্রামপুলিশ সদস্য আবু সাঈদ (৩৫) ও তাঁর ভাই সুরজ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, যৌতুকের দাবিতে আবু সাঈদ ও তাঁর ভাই সুরজ আলী হালিমা খাতুনকে আগে থেকেই নির্যাতন করে আসছিলেন। রোববার রাত ১১টার দিকে তাঁরা হালিমাকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে থানায় খবর দেয় এবং সাঈদ ও সুরজ আলীকে ঘিরে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করে এবং গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম প্রথম আলোকে জানান, গ্রামপুলিশ সদস্য সাঈদ ও তাঁর ভাইকে গতকাল সোমবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।