গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুস সালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবদুস সালাম বালিয়াঘাট্টা গ্রামের সাইদুর রহমান ওরফে কালুর ছেলে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত সালামের চাচাতো ভাই শুকুর উদ্দীনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার বালিয়াঘাট্টা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল ও ঢাকাগামী কেয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আবদুস সালাম মোটরসাইকেলে চালকের আসনে ছিলেন। দুর্ঘটনায় সালাম ঘটনাস্থলে নিহত হন। শুকুর উদ্দীন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই এলাকায় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরোধ তুলে দেয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, দুর্ঘটনার পর উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে বাসটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক। তিনি জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।