গোদাগাড়ীতে ১০ জন অ্যানথ্রাক্স আক্রান্ত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাকরান্দা গ্রামে অসুস্থ মহিষের মাংস খেয়ে ও মাংসের সংস্পর্শে এসে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। লক্ষণ দেখে চিকিৎসকেরা ধারণা করছেন, তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।
অসুস্থ ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৪৭), এমরান মোল্লা (৫২), রফিকুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (২৩), হোসেন আলী (৪২), রুহুল আমিন (৪৮), উত্তম কুমার (২৩), টুটুল (২৮), রওশন আরা (৫৫) ও মফিজুল ইসলাম (২৮)।
একই গ্রামের বাসিন্দা আবদুল কাদির প্রথম আলোকে বলেন, গ্রামের ব্যবসায়ী আবদুর রহিমের একটি মহিষ ৭ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে মহিষটি জবাই করে মাংস করা হয়। এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর থেকে গ্রামের কয়েকজন বাসিন্দার শরীরে ফোসকা পড়তে শুরু করে। বিশেষ করে গরু-মহিষের ব্যবসায়ী আবদুর রহিমের স্ত্রী রওশন আরা, ছেলে রফিকুল, শফিকুল ও জামাতা টুটুল অসুস্থ হয়ে পড়লে তাঁরা মোটামুটি নিশ্চিত হন, ওই মহিষের মাংস থেকেই এই রোগ ছড়িয়েছে। এ ছাড়া উত্তম কুমার নামের একজন ওই মহিষের চামড়া মাথায় করে নিয়ে গিয়েছিলেন। তাঁর কপালেও ফোসকা পড়ে
জানতে চাইলে চিকিৎসক মাহাবুবুর রহমান বলেন, প্রাথমিক লক্ষণ দেখে মিজানুরের অ্যানথ্রাক্স হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তাঁরা গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কলেজের মাঠে সচেতনতামূলক সভা করেছেন। যাঁদের রেফ্রিজারেটরে ওই মহিষের মাংস রয়েছে, তা বের করে ব্লিচিং পাউডার দিয়ে মাটির নিচে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্যদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন।