গোদাগাড়ীর ১৪ তরুণ যুবক ভারতে গ্রেপ্তার
অবৈধপথে ভারতে গিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১৪ তরুণ ও যুবক গ্রেপ্তার হয়েছেন। ভারতের কর্ণাটক প্রদেশ থেকে গত বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের সবার বাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামে। গত বৃহস্পতিবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সুমন আলী (২৪) ও তাঁর ভাই মোমিন আলী (২০), জাহাঙ্গীর আলী (২৬) ও তাঁর ভাই ফুলাল হোসেন (১৯), ইকবাল আলী (১৯), আবদুল হাকিম (২৫), আলমগীর হোসেন (২৭), আবদুল হালিম (১৯), আজিজুল্লাহ (১৯), বাবু শেখ (২০), জহুরুল ইসলাম (২৪), সোহেল ইসলাম (৩০), জহুরুল ইসলাম (৩৫) ও শহীদুল ইসলাম ওরফে সোহেল (১৯)।
প্রেসনোটের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই ১৪ জন ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। নিসার আহমেদ নামের মোবিদরি এলাকার এক ব্যক্তি একটি নির্মাণকাজের জন্য দুই মাস আগে তাঁদের নিয়ে এসেছিলেন। পুলিশ তাঁকেও গ্রেপ্তার করেছে। ১৯৪৬ সালের ফরেনার্স আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। আর আশ্রয়দাতা নিসার আহমেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭০ (মানব পাচার) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিবেদনটিতে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহুরুল ইসলাম এই ১৪ বাংলাদেশির ঠিকানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে সাহারুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। সাহারুলের বাড়িও গোদাগাড়ীতে। পরে সাহারুলকে জিজ্ঞাসাবাদ করতে করতে এই ১৪ জনের সন্ধান পায় পুলিশ। পরে তাঁদের আটক করা হয়। এরা সবাই খুবই গরিব পরিবারের ছেলে। দিন আনে দিন খায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুনশি গতকাল শনিবার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য আসেনি।’