গোপন আয়োজনে রওশনপন্থী জাপার ইশতেহার প্রকাশ
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টি’—এ স্লোগান নিয়ে তিন পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) নির্বাচনপন্থী অংশটি।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন। এতে ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি দেশের সব খাতের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ঘটা করে ইশতেহার প্রকাশ করে থাকে। কিন্তু জাপা এর আয়োজন করে অত্যন্ত সন্তর্পণে। খুদে বার্তা দিয়ে কয়েকজন সাংবাদিককে ইশতেহার ঘোষণার কথা জানানো হয়। অনুষ্ঠানে জাপার ইশতেহার প্রণয়ন কমিটির প্রধান জি এম কাদেরসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন না।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে)। রওশন এরশাদ অসুস্থ। মহাসচিব রুহুল আমিন হাওলাদার নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আর জি এম কাদের সম্পর্কে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘একজন প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে কোনো জবাব দিতে রাজি নই আমি। এখানে অনেক প্রেসিডিয়াম সদস্যই অনুপস্থিত। আলাদাভাবে কে, কোথায় আছেন তার উত্তর দিতে পারব না।’
অবশ্য বুধবার রাতে ইশতেহারের বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ইশতেহার প্রকাশের ব্যাপারে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে জাপার চেয়ারম্যানের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে তিনি কোনো আদেশ বা নির্দেশও পাননি।
ইশতেহার ঘোষণার আগে আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচনে যাওয়ার কারণ ব্যাখ্যা দেন। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়া একটি দলের সাংবিধানিক অধিকার। জাপা অতীতে চরম বৈরী পরিস্থিতিতেও নির্বাচনে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, এরশাদ যাঁদের মনোনয়ন দিয়েছেন, তাঁরাই ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচনে আছেন।
জাপার দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কাউকে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে দেওয়া এরশাদের চিঠি সম্পর্কে জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘তার পরও আমরা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছি। নির্বাচন না করার ব্যাপারে দলের কোনো ফোরামে সিদ্ধান্ত হয়নি।’
ইশতেহারে এরশাদের অনুমতি আছে কি না বা তিনি জানেন কি না—এ প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম বলেন, ‘ইশতেহারের প্রতিটি শব্দ তিনি (এরশাদ) দিয়েছেন। আপনারা (সাংবাদিক) যেহেতু জানেন, তিনিও জানেন।’ তিনি দাবি করেন, এরশাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরশাদ তাঁকে বলেছেন, ৩ ডিসেম্বর নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন। কারণ, মাঠ পর্যায়ে দলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। এখন তাঁর শঙ্কা কেটে গেছে। বিরোধী দলের নির্বাচন প্রতিহতের ঘোষণা এবং নির্বাচন বন্ধে নাগরিক সমাজেরও সমালোচনা করেন আনিসুল ইসলাম।
আপনি কি এখনো মন্ত্রী? দলের অন্যরা মন্ত্রিসভায় আছেন কি না—এ প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম বলেন, ‘আমি পদত্যাগ করিনি। তা ছাড়া আমরা সবাই মন্ত্রিসভায় আছি। আমার জানামতে কেউ পদত্যাগ করেনি।’
এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবারও এক ভিডিও বার্তায় এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেছেন, এরশাদ আগের অবস্থানে অনড় আছেন। এ বিষয়ে আনিসুল ইসলাম বলেন, ‘ববি জাপার গবেষণা সেলের একজন কর্মকর্তা। তিনি কীভাবে এসব কথা বলছেন, তা আমার জানা নেই।’
ইশতেহারের আট দফা: ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমে সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃ স্থাপন করা, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন এনে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন, বিচার বিভাগকে দলীয়করণমুক্ত করা, মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান, গ্রামীণ ব্যাংকের পরিচালনা ও কর্মপদ্ধতি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সময়োপযোগী পদক্ষেপ নেওয়া। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, নাসিম ওসমান, এ কে এম মাঈদুল ইসলাম, ফখরুল ইসলাম ইমাম, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন প্রমুখ।
ইশতেহার ঘোষণার বিষয়ে জানতে চাইলে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লিংকন প্রথম আলোকে বলেন, এরশাদকে জিম্মি করে দলের সুবিধাভোগী একটি অংশ যে প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিয়েছে, একই প্রক্রিয়ায় তাঁরা ইশহেতারও ঘোষণা করেছে।