গোপন চুক্তি করিনি, বিরোধী দল জানলে প্রকাশ করুক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো গোপন চুক্তি করেনি। গোপন চুক্তির প্রশ্নই ওঠে না। যা হয়েছে, তার সবই প্রকাশিত। দেশের স্বার্থ সমুন্নত রেখে মন্ত্রিসভায় আলোচনা করে প্রকাশ্যে এ চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘কী গোপন চুক্তি আমরা করেছি, তা জানলে ওনারা (বিরোধী দল) জনসমক্ষে প্রকাশ করে দিক। আমাদের কোনো দ্বিধা নেই।’শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকলে ভারতপ্রীতি আর না থাকলে ভারতবিরোধী নীতিতে বিরোধী দল বিশ্বাস করে। কিন্তু বর্তমান সরকার দেশের মান-সম্মান, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে চুক্তি করেছে।জাতীয় সংসদে গতকাল বুধবার স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান লিখিতভাবে প্রশ্নটি করলেও তাঁর অনুপস্থিতিতে ফজলুল আজিম প্রশ্নটি উত্থাপন করেন। সংসদে প্রতি বুধবার প্রধানমন্ত্রী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শেখ হাসিনা বলেন, আমরা ভারতে যেসব বিষয় নিয়ে গেছি, তা আলোচনা করতে ভুলে যাইনি। আর উনি (বিরোধীদলীয় নেত্রী) যখন ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন ভারতে গিয়ে প্রধান সমস্যা গঙ্গার পানি নিয়ে আলোচনার কথা ভুলেই গিয়েছিলেন। পরবর্তীকালে ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গঙ্গার পানির ন্যায্যা হিস্যা আদায় করেছিল। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কোনো সময় নির্ধারণ করা না হলেও যত তাড়াতাড়ি সম্ভব, এসব চুক্তি বাস্তবায়ন করা হবে। জাসদের মাইনুদ্দীন খান বাদলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যখন বন্দর ব্যবহার করতে দেব, তখন অবকাঠামোগত উন্নয়নও করা হবে। সে ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে এবং অনেক ক্ষেত্রে রাস্তাও তারাই করে দেবে। এ জন্য দেশের রেলপথ সম্প্রসারণ এবং নদীপথ ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে। জিল্লুল হাকিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি চট্টগ্রাম ও মংলা বন্দরের পূর্ণ ব্যবহার হয়, তাহলে এখন সরকার যে রাজস্ব পাচ্ছে, তার দ্বিগুণ রাজস্ব আদায় হবে। অন্য দেশ যখন ব্যবহার করবে, তখন রাজস্ব আরও বেশি হবে। সরকারি দলের নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবার ভারত সফরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে পঞ্চগড়। কারণ, বাংলাবান্ধাকে স্থলবন্দর হিসেবে আরও উন্নত করা হবে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে আমরা খোলামেলাভাবে নিজ নিজ অবস্থান পরস্পরকে জানিয়েছি। দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে একমত হয়েছে। প্রধানমন্ত্রী ভারত সফরের সাফল্য তুলে ধরে বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। তিনি বলেন, ভারত সফরে তিস্তা ও অভিন্ন নদীর পানিবণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে এরই মধ্যে কারিগরি ও সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। শিগগির যৌথ নদী কমিশনের বৈঠক হবে। আমাদের নদীগুলোর নাব্যতা রক্ষায় নদী খননের উদ্দেশ্যে ভারত ড্রেজার সরবরাহের মাধ্যমে সহায়তার অঙ্গীকার করেছে। টিপাইমুখের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ তাঁরা নেবেন না। প্রধানমন্ত্রী বলেন, এ সফরের একটি বিশেষ দিক হচ্ছে, আমাদের এ অঞ্চলের দেশগুলোর অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ক্ষেত্রে কার্যকর সংযোগ স্থাপন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, এ সফরে দুই দেশের বাণিজ্য প্রসারে সব ধরনের শুল্ক, অশুল্ক বাধা দূর করার ব্যবস্থাসহ ভারতের বাজারে বাংলাদেশের পণ্য আরও অধিক হারে প্রবেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত সরকার ভুটান ও নেপালের পণ্যবাহী ট্রাক বাংলাদেশ সীমান্তের ২০০ মিটার অভ্যন্তরে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে। শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে সব সীমান্ত সমস্যার সমাধানের ব্যাপারে উভয় দেশ একমত হয়েছে। এ বিষয়ে শিগগির কর্মকর্তা পর্যায়ে বৈঠক শুরু হবে। দহগ্রাম-আঙ্গরপোতায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন যাতায়াতের সুযোগ সৃষ্টি এবং ভারতীয় জনগণের চলাচলের জন্য তারা শিগগির তিন বিঘায় একটি ফ্লাইওভার তৈরির কাজ শুরু করবে। সীমান্তে প্রাণহানি রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। গতকাল বিকেল তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এর পর শুরু হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়েছে গত ৪ জানুয়ারি।