গোপন পথ ও ‘নতুন কৌশল’ নিয়ে শঙ্কায় জামায়াত
এ মুহূর্তে দুটি বিষয় নিয়ে উদ্বেগ ও শঙ্কায় আছে জামায়াতে ইসলামী। এক. দীর্ঘ মেয়াদে দল ‘গোপন তৎপরতায়’ থাকার পরিণতি। দুই. জামায়াত-শিবিরের কর্মীদের দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্ভাব্য ‘নতুন কৌশল’।জামায়াতের নেতারা মনে করছেন, সরকারই জামায়াত ও ছাত্রশিবিরকে গোপন সাংগঠনিক তৎপরতার দিকে ঠেলে দিচ্ছে। এখন এই প্রক্রিয়ায় দল সক্রিয় থাকলেও আগামী দিনগুলোতে কর্মীরা কেন্দ্রীয় নেতাদের হুকুম কতটা মানবেন, তা নিয়ে চিন্তিত নেতারা।দলটির একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর পরদিন জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের একটি বৈঠক হয়। সেখানে সরকারবিরোধী আন্দোলনে দলের কৌশল ও কর্মসূচি ছাড়াও এ দুটি বিষয় আলোচনায় আসে।জানতে চাইলে দলের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে বলেন, ‘সরকার জামায়াত-ছাত্রশিবিরকে গোপন সংগঠনের দিকে নিয়ে যাচ্ছে। এই আচরণ দীর্ঘায়িত হলে এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে আমরা চিন্তা করছি।’জামায়াত মনে করে, সরকার তাদের ব্যাপারে বেশি মাত্রায় অসহিষ্ণু হয়ে পড়েছে। এ অবস্থায় চারদলীয় জোটের বাইরে একা বড় কর্মসূচিতে যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই আগামী ১২ মার্চ ঢাকায় চার দলের মহাসমাবেশের আগপর্যন্ত বিক্ষোভ মিছিলের মতো ছোটখাটো কর্মসূচিতেই থাকতে চায় দলটি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, ছোটখাটো কোনো কর্মসূচি থেকে আবারও বড় কিছু ঘটাতে চাইছে জামায়াত।জানতে চাইলে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘আমরা কর্মসূচির মধ্যেই আছি। তবে এখন সবাই মিলে একসঙ্গে কর্মসূচি দেওয়ার চিন্তা করা হচ্ছে।’সর্বশেষ জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মতিউর রহমান নিজামীসহ দলটির শীর্ষ ১২ জন নেতা কারাগারে এবং ভারপ্রাপ্ত আমিরসহ তিনজন আত্মগোপনে আছেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে জামায়াতের কর্মীদের সহিংস ঘটনার পর থেকে পুলিশি অভিযানের কারণে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কার্যালয় কার্যত বন্ধ আছে। একই রকম অবস্থা ঢাকার বাইরেও।এ অবস্থায় গত ১২ জানুয়ারি রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছে আরেকটি সহিংস হামলার ঘটনার সঙ্গে যুক্ত হন দলের কর্মীরা। জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণ, অস্ত্র লুট ও গাড়ি ভাঙচুর করা হয়। অবশ্য জামায়াত হামলা ও অস্ত্র লুটের ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।ওই ঘটনার পর আহত পুলিশ সদস্যদের হাসপাতালে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে শঙ্কায় পড়েছেন জামায়াতের নীতিনির্ধারকেরা। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘আপনারা দেখেছেন, ১৯ সেপ্টেম্বর জামায়াত-শিবির আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে কীভাবে আহত করেছে। তারা বারবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করছে, এবার আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দমনে “নতুন কৌশল” হাতে নেবে।’জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়টি পরিষ্কার নয়। আমরা এটা বোঝার অপেক্ষায় আছি।’জামায়াতের সূত্র জানায়, দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ওই বৈঠকে সম্ভাব্য ‘নতুন কৌশল’ কী হতে পারে, সে আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে। এর মধ্যে ছিল: ক্ষমতাসীন দলের যুব ও ছাত্রসংগঠনকে দিয়ে দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুপ্তহত্যা করা, জামায়াতসংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধন অথবা নতুন করে সাঁড়াশি অভিযান পরিচালনা করা।এ বিষয়ে আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছি। সরকার একটি বৈধ, নিবন্ধিত ও সংসদে প্রতিনিধিত্বকারী দলের সঙ্গে যে আচরণ করছে, তা জনগণ লক্ষ করছে। এর প্রতিক্রিয়া ইতিবাচক হবে না।’