গোপন বৈঠককালে আল্লাহর দলের ২৪ সদস্য গ্রেপ্তার
গোপন বৈঠকের সময় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথেরবাজার পশ্চিমপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের ২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গ্রামের ময়েন উদ্দিনের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মালিবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক ও আশরাফুল আলম (২৮), পূর্বকোমরনই কুঠিপাড়া গ্রামের মেহেদী হাসান, দারিয়াপুর গ্রামের মিজানুর রহমান, খিদির গ্রামের জহুরুল হক, দুর্গাপুর গ্রামের আব্দুর রউফ, ফারুক মিয়া ও তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কাশেম, দক্ষিণ শ্রীপুর গ্রামের রাজু মিয়া, নতুন দুলাল গ্রামের ইয়াছিন আলী, চাপড়া গ্রামের কফিল উদ্দিন ও কসিম উদ্দিন, সীচা দরজিপাড়া গ্রামের মাহাতাব আলী, খামার ধুবনী গ্রামের হাসান আলী, ফকিরপাড়া গ্রামের মনোয়ারুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের শহীদজল, পশ্চিম কেশালিডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, আব্দুল হামিদ ও জালাল উদ্দিন, নীলফামারী সদর উপজেলার শটিপাড়া গ্রামের মিজানুর রহমান এবং পাবনার আতাইকুলার লক্ষ্মীপুর গ্রামের রহমত উল্যাহ।পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ময়েন উদ্দিনের ছেলে মান্নান মিয়া আল্লাহর দলের অর্ধশতাধিক সদস্যকে নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ সেখান থেকে ২৪ জনকে গ্রেপ্তার করে। তবে মান্নানসহ অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ২৪ জনকে পরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য এবং তাঁরা দলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।