গোপন বৈঠককালে শিবিরের তিন নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ শিবিরের তিন নেতাকে আটক করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে গোপন বৈঠক করার সময় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন অক্টয় মোড় এলাকার চেতনা ছাত্রাবাস থেকে তাঁদের আটক করা হয়।এঁরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আশরাফুল ইসলাম, শিবিরের সদস্য ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র শহিদুল ইসলাম এবং ওই একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিনজন আটক হওয়ার পর পরই তাঁদের মুক্তির দাবিতে নেতা-কর্মীরা বিনোদপুর এলাকায় মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই মিছিলে থাকা ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা আত্মগোপনে চলে যান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী জানান, ছাত্রশিবিরের আটক কর্মীরা ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার আসামি। ক্যাম্পাসে নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে তাঁরা গোপন বৈঠক করছিলেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, আটক হওয়া শিবিরকর্মীদের বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে আটকের ঘটনার জের ধরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।