গোপন ব্যালটে প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বাছাইয়ে গত বৃহস্পতিবার গোপন ব্যালটে তৃণমূলের ভোট নেওয়া হয়েছে।
দলীয় সূত্রমতে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজন দলীয় সমর্থন আদায়ে মাঠে নামেন। একক প্রার্থী নির্ধারণে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা দফায় দফায় বৈঠক করেও ব্যর্থ হন।
অবশেষে বৃহস্পতিবার রাতে গোপন ব্যালটের মাধ্যমে একক প্রার্থী নির্বাচন করা হয়। রাত নয়টার দিকে নির্বাচন পরিচালনাকারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক ফলাফল ঘোষণা করেন।
এতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান ২১৬ ভোট পেয়ে প্রার্থী মনোনীত হন।
একইভাবে ভাইস চেয়ারম্যান পদে ১৮৩ ভোট পেয়ে নাহিদুল ইসলাম প্রার্থী নির্বাচিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী ভাইস চেয়ারম্যান পদে সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আরিফা সুলতানা।
মমতাজুল হক বলেন, চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন দলীয় সমর্থন প্রত্যাশী ছিলেন।
তিনি আরও জানান, প্রার্থী বাছাইয়ে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের ৩৬০ জন কাউন্সিলরের মধ্যে ৩৩৮ জন গোপন ব্যালটের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ভোট দেন।