গোপন ব্যালটে ভোট দিলেন নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দিয়েছেন সেখানকার সহস্রাধিক কাউন্সিলর। ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে জেলা কমিটির সম্পাদক পর্যায়ের ৩৪টি পদের বিপরীতে তাঁরা গোপন ব্যালটে ভোট দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ভোট গ্রহণ শুরু হয়। রাত নয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল। কাউন্সিলে ভোট দিতে আসা পার্বতীপুর পৌর মহিলা দলের সভানেত্রী লায়লা আরজুমান বলেন, দলের কর্ণধার নির্বাচন করতে এসেছি। বীরগঞ্জ উপজেলার কাউন্সিলর জমশেদ আলী বলেন, আগে ঢাকায় বসে থেকে নেতা-নেত্রীরা জেলা ও উপজেলা কমিটি তৈরি করে পাঠিয়ে দিতেন। তাঁদের ইচ্ছায় সব হতো। কিন্তু এই প্রথম আমরা পছন্দের নেতা নির্বাচন করতে পারছি।নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর শহরের জেল রোড এলাকায় বিএনপির কার্যালয় ও এর আশপাশের পুরো এলাকা দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ প্রার্থীদের ছবি টাঙানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহাদ আলী মণ্ডল জানান, জেলার আটটি পৌরসভা ও ১৩টি উপজেলা নিয়ে গঠিত জেলা বিএনপির এক হাজার ৪১৬ জন কাউন্সিলর ভোটার হিসেবে জেলা কমিটি নির্বাচনে ভোট দিচ্ছেন।১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির মধ্যে সম্পাদকমণ্ডলীর ৪০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন নির্বাচিত হয়েছেন। বাকি ৩৪ পদে দুটি প্যানেলে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোট গ্রহণের জন্য জেলা বিএনপি কার্যালয়ে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় স্থানীয় লোকভবনে কাউন্সিল অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, বিএনপি ভারতবিরোধী না। তারা বন্ধু হিসেবে থাকতে চায়। কিন্তু কাউকে দাসখত দিতে চায় না। জেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম রেজওয়ানুল হকের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।