গোপন সমঝোতায় মহিলা কাউন্সিলর কাজ চেয়েছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাড়ে তিন কোটি টাকার উন্নয়নকাজ গোপন সমাঝোতার মাধ্যমে নিতে চেয়েছিলেন খোদ সংরক্ষিত মহিলা কাউন্সিলর। এতে ক্ষিপ্ত হন সাধারণ ঠিকাদারেরা। তাঁদের দাবির মুখে শেষ পর্যন্ত সবার কাছে দরপত্র ফরম বিক্রি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তরের ৪ নম্বর ডিভিশনে এ ঘটনা ঘটে। করপোরেশনের লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
সাধারণ ঠিকাদারেরা জানান, এই ডিভিশনের ২৪টি উন্নয়নকাজের দরপত্র ফরম সংগ্রহ করার শেষ দিন ছিল গতকাল রোববার। এ জন্য ঠিকাদারেরা গতকাল সকাল থেকে নগর ভবনের তৃতীয় তলায় জড়ো হন। কিন্তু ২৪টি উন্নয়নকাজের মধ্যে দুটির দরপত্র ফরম বিক্রি বন্ধ রাখা হয়। এ সময় করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীদের সঙ্গে ঠিকাদারদের বাগ্বিতণ্ডা হয়।
করপোরেশনের তালিকাভুক্ত দুই ঠিকাদার প্রথম আলোকে বলেন, ‘দরপত্র সংগ্রহে মাত্র আধা ঘণ্টা সময় পেয়েছি। একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে গোপনে কাজ দিতে পুরো দিন এই নাটক সাজানো হয়।’
করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন ঠিকাদার দরপত্র ফরম বিক্রি না হওয়ার বিষয়ে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। পরে সবাই দরপত্র ফরম সংগ্রহ করতে পেরেছেন বলে জেনেছি।’
অভিযোগের ব্যাপারে কাউন্সিলর মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০ জন মহিলা মিলে করপোরেশনের ২৪ কাজের মধ্যে একটি কাজ চেয়েছিলাম। আমরা তো অন্য কাজ চাইনি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি।’