গোপন সমঝোতায় ৩৪০ বস্তা ইউরিয়া বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে জব্দ করা ৩৪০ বস্তা ইউরিয়া সার বিধি লঙ্ঘন করে গোপন সমঝোতার ভিত্তিতে অর্ধেকেরও কম দামে বিক্রি করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব সার বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার পার্বতীপুর মডেল থানা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে নিলামে এ সার বিক্রি করা হয়।
নিলামে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের সূত্রে জানা যায়, বিধি অনুযায়ী নিলামের কমপক্ষে সাত দিন আগে জনসমাগম হয় এমন স্থানে নিলাম বিজ্ঞপ্তি প্রদর্শন, মাইকিং এবং নির্ধারিত দিনে সন্তোষজনক দাম না উঠলে পর পর তিন দিন নিলাম ডেকে সর্বোচ্চ দরদাতার কাছে মালামাল বিক্রি করতে হয়।
কিন্তু এ ক্ষেত্রে মাইকিং না করে ২৩ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে ২৮ নভেম্বরই নিলাম শেষ করা হয়। পুলিশ প্রশাসন ও নিলামে অংশ নেওয়া ১৯ জনের মধ্যে গোপন সমঝোতায় এ নিলাম হয় বলে তাঁরা অভিযোগ করেন। নিলামে পুলিশের জব্দ করা ৩৪০ বস্তা ইউরিয়া মাত্র এক লাখ দুই হাজার টাকায় বিক্রি দেখানো হয়। অথচ বর্তমান বাজারে এ পরিমাণ সারের দাম আছে দুই লাখ ৭২ হাজার টাকা।
সারগুলো কিনেছেন পার্বতীপুরের রাসায়নিক সার ব্যবসায়ী মেসার্স বাবু এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিলাম আহ্বানকারী নুরুজ্জামান চৌধুরী অভিযোগ অস্বীকার করে জানান, সব নিয়ম মেনেই নিলাম অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও রাহেনুল ইসলাম বলেন, ‘অর্থের সংস্থান না থাকায় মাইকিং করা হয়নি। তবে আমারও ধারণা, নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে কোনো সমঝোতা হয়ে থাকতে পারে।’
পার্বতীপুর বাফার গুদাম থেকে গত ৮ সেপ্টেম্বর পাচারকালে পুলিশ ওই ইউরিয়া সার জব্দ করে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়।