গোপনীয়তা নিশ্চিত করবে কৈশোরের স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনীয়তা না থাকায় কিশোর-কিশোরীরা স্বাস্থ্যসেবা কম নেয়। অন্যদিকে সেবাদাতারা অভিভাবকের অনুপস্থিতিতে তাদের চিকিৎসাসেবা দিতে চান না। আবার, স্বাস্থ্যবিষয়ক সমস্যা নিয়ে সন্তান-অভিভাবকদের মধ্যে এখনো খোলামেলা আলোচনার মানসিকতা গড়ে ওঠেনি।

আজ বৃহস্পতিবার ‘স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা সুবিধাসমূহ পর্যবেক্ষণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ।

সেমিনারে শুরুতেই ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ রিয়াদ মাহমুদ বলেন, সারা বিশ্বে প্রতিদিন তিন হাজার কিশোর-কিশোরী মারা যায়। বাংলাদেশেও তারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এসব ঝুঁকি এড়াতে দরকার সুষম খাবার, শারীরিক কসরত ও অ্যালকোহল মুক্ত থাকা।

তিনি আরও বলেন, গবেষণাতে দেখা গেছে, ৯০ শতাংশ সেবাদাতারা অভিভাবকের উপস্থিতি ছাড়া কিশোর-কিশোরীদের সেবা দিতে আগ্রহী নয়। আবার কিশোর-কিশোরীরা তাদের অনেক সমস্যা অভিভাবকের সঙ্গে শেয়ার করতে চায় না। ফলে এ মানসিকতার পরিবর্তন না হলে তারা সেবার বাইরেই থেকে যাবে।

সেমিনারে জানানো হয়, দেশে কিশোর-কিশোরীর সংখ্যা ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে প্রায় ছয় লাখ কিশোরী প্রতিবছর গর্ভধারণ করে। তাদের পাশাপাশি অন্য কিশোর-কিশোরীদের চাহিদামতো স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মোবাইলের মাধ্যমেও তাদের সেবা নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।

২০১৬ সালে খুলনা, ভোলা, জামালপুর ও নীলফামারীতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণের জন্য একটি গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, ৫৬ শতাংশ স্বাস্থ্য সেবাদানকারী কিশোর স্বাস্থ্যবিষয়ক সেবার তথ্যগুলো রাখার জন্য পৃথক রেজিস্ট্রার ব্যবহার করেন। তবে তাঁদের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণের জন্য আরও তথ্য দরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, শুধু শারীরিক নয়, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কেবল কাউন্সেলিং সুবিধা থাকলে তাঁদের ৫০ শতাংশের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি, তাদের জন্য পৃথক নারী-পুরুষ চিকিৎসক থাকা জরুরি মনে করেন তিনি।

তবে গবেষণাটির সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, এতে শুধু চিকিৎসা নিতে আসা কিশোর-কিশোরীদের আলাদা রেজিস্ট্রেশনের বিষয়টি দেখা হয়েছে। কিন্তু কিশোর-কিশোরীরা সেবা নেয় কি না, তাদের সেবার কী ব্যবস্থা আছে, চিকিৎসক আছেন কি না—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমলে নেওয়া উচিত ছিল।

সেমিনারের আরেক উপস্থাপক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক ফারিহা হাসিন। তিনি বলেন, বর্তমানে কিশোর-কিশোরীরা বাস্তব ও ভার্চ্যুয়াল জগতে বিচরণ করে। এ বিষয়টি বিবেচনা করে তাদের স্বাস্থ্যসেবা পরিকল্পনা করা দরকার।

সেমিনারে চিকিৎসক, সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।