গোপনীয়তার সংস্কৃতি থেকে বের হওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য অধিকার আইন’ সাধারণ মানুষের জন্য—বিষয়টিতে সাধারণ মানুষের মধ্যে অস্পষ্টতা আছে। আইনটি কার্যকর করতে তথ্য কমিশনকে গতিশীল করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আইনের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে তথ্য প্রকাশে অনীহা ও গোপনীয়তার যে সংস্কৃতি, তা থেকে বেরিয়ে আসতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইনবিষয়ক জাতীয় সেমিনারে বক্তারা এ অভিমত দেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসআইডি) অর্থায়নে পরিচালিত প্রকল্প প্রগতির সহায়তায় এমআরডিআই ‘তথ্য অধিকার বিধিমালা: সামনে এগোনোর উপায়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম বুলবুল।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণাপ্রতিষ্ঠান ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান। ‘তৃণমূলের কণ্ঠস্বর’ শীর্ষক ওই প্রবন্ধে তিনি বলেন, তথ্য অধিকার আইনটি যে সাধারণ মানুষের জন্য, সে ব্যাপারে অস্পষ্টতা আছে। প্রশ্ন আছে আইনের প্রয়োগ নিয়েও। আইন বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে হবে। তথ্য কমিশনের কার্যপরিধি বাড়াতে হবে।প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘মহাজোট সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে বলেই তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। তথ্য কমিশনে আমরা পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ, জনবল নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, অসহিষ্ণু হলে কোনো কাজ তাড়াতাড়ি হয় না। অনেক প্রতিবন্ধকতার পরও তথ্য কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আইনটির ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা পাঠানোর ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণফোন ও রবিকে রাজি করানো হয়েছে। এ ছাড়া অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্য পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, এই আইন কার্যকর করতে হলে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপও দ্রুত নিতে হবে।তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, তথ্য কমিশনকে তথ্যভান্ডার হিসেবে গড়ে তোলা হয়নি। সেভাবে গড়ে ওঠার ক্ষমতা এখনো সংস্থাটির হয়ে ওঠেনি।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি পরিবর্তন দেখতে চাই। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। তথ্য অধিকার আইন কার্যকরের ক্ষেত্রে অন্য দেশের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এ ক্ষেত্রে সম্পদের সংকট একটি বড় চ্যালেঞ্জ।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আরটিআই ফোরামের আহ্বায়ক শাহীন আনাম বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের অভাবের পাশাপাশি দুর্নীতির কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে মানুষের অধিকার সুরক্ষা হবে।সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিব-উল আলম বলেন, তথ্য চাইতে জনগণকে উৎসাহিত করার জন্য সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আলোচনা শেষে ধন্যবাদ জানান এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।সাংসদের বক্তব্য মানেই....সাংসদ কিংবা যে কেউ কোনো মন্তব্য করলে সেটা সরকারের মন্তব্য নয়—সেমিনারে এ কথা বলেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তাঁর ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের মুখপাত্র হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রয়েছেন। তা ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস-সচিব ও আমি আছি। তাই হঠাৎ কেউ কোনো মন্তব্য করলে তাতে চিন্তিত হওয়ার কারণ নেই।’