গোপনে আহ্বান করায় দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি দরপত্র বাতিল করেছে এলজিইডি কর্তৃপক্ষ। গোপনে দরপত্র আহ্বানের অভিযোগ তুলে এবং তাতে অংশ নিতে না পেরে ঠিকাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা এলজিইডি কার্যালয় থেকে জানা গেছে, গত ২২ জানুয়ারি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনাদি মেরামতসহ উপজেলা রাজস্ব খাতের ১৫ লাখ টাকার চারটি কাজের জন্য দরপত্র আহ্বান করে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ। সাধারণ ঠিকাদারেরা যাতে দরপত্রে অংশ নিতে না পারে সে জন্য কর্তৃপক্ষ এলজিইডি কার্যালয়ের নোটিশ বোর্ডে দরপত্রসংক্রান্ত নোটিশ টানানো থেকে বিরত থাকে। বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও তারা তা করেনি।
তারা একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে দরপত্র বিজ্ঞপ্তি দেয়। এর মধ্যে বাংলা পত্রিকাটি জামালপুরে বিক্রি হয় না। ইংরেজিটি জামালপুর সদরে কিছু কপি চললেও মাদারগঞ্জ এলজিইডির তালিকাভুক্ত ঠিকাদারেরা প্রথমে ওই দরপত্রের বিষয়ে কিছু জানতে পারেননি।
পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের খবর ঠিকাদারদের কানে এলে তাঁরা শিডিউল কেনার জন্য এলজিইডি কার্যালয়ে ভিড় করেন। কিন্তু কর্তৃপক্ষ শিডিউল বিক্রি না করে ২৮ জানুয়ারির পেছনের তারিখে দরপত্র বাতিলের একটি নোটিশ গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বোর্ডে টানিয়ে দেয়। গত বৃহস্পতিবার ওই দুটি পত্রিকায় আবার দরপত্র বাতিলের নোটিশ প্রকাশ হয়।
ঠিকাদারদের অভিযোগ, গোপন খবর প্রকাশ হওয়ায় এলজিইডি কর্তৃপক্ষ তাদের অনুগত ঠিকাদারদের যোগসাজশে দরপত্র বাতিল করেছে। তাঁদের (ঠিকাদার) ধারণা, কর্তৃপক্ষ আবারও নামসর্বস্ব পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের অনুগত ঠিকাদারদের কাজ দিয়ে টাকা আত্মসাতের চেষ্টা চালাবে।
ঠিকাদার মো. আশরাফ আলী জানান, একই পদ্ধতিতে এর আগেও গোপনে অখ্যাত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কাজ না করে টাকা আত্মসাৎ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল জানান, প্রাক্কলন (এস্টিমেট) ত্রুটির কারণে ওই কাজের দরপত্র বাতিল করা হয়েছে।