গোপনে ওএমএস ডিলার নিয়োগের চেষ্টা কর্মকর্তা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়মনীতি না মেনে গোপনে ওএমএস ডিলার নিয়োগ দেওয়ার চেষ্টা করায় গত বুধবার শ্যামনগর উপজেলা খাদ্য কর্মকর্তাকে ব্যবসায়ীরা তাঁর অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখেন। বিজ্ঞপ্তি দিয়ে পরে ডিলার নিয়োগের ঘোষণায় পরিস্থিতি শান্ত হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জাহিদুল ইসলাম, আবদুল হাকিম, আবদুস সালামসহ কয়েকজন অভিযোগ করে জানান, তাঁরা ডিলারশিপ পাওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে এলেও আগেই ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে উপজেলা খাদ্য কর্মকর্তা তাঁদের জানিয়ে দেন। শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলাউদ্দীন তালুকদার জানান, ডিলার নিয়োগ দেওয়া হয়নি, তবে যাচাই-বাছাই করে কয়েকজনের নাম মনোনীত করা হয়েছে। আর্থিক সুবিধা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে বলেছিল, ওভাবে তালিকা করা হয়েছিল। তাঁর এ ব্যাপারে কিছুই করার ছিল না। শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির চেয়ারম্যান জি এম সফিউল আযম জানান, ডিলার নিয়োগসংক্রান্ত বিষয়ে কিছুই তাঁকে জানানো হয়নি। খাদ্য নিয়ন্ত্রক নিজের ইচ্ছামতো ডিলার নিয়োগের তালিকা প্রস্তুত করেছিলেন।উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকা করে দেওয়া হয়েছিল বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক যে কথা বলেছেন, তা ঠিক নয়। তিনি নিজ দায়িত্বে এ তালিকা তৈরি করে আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছেন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ জানান, মাত্র দুই সপ্তাহ আগে ২৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক উঠেছে, এ কারণে বর্তমান নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করে পুনরায় আবেদন চাওয়া হবে।