গোপনে কমিটি করার অভিযোগে বিদ্যালয়ে তালা
স্থানীয় ব্যক্তিদের বাদ দিয়ে গোপনে কমিটি করার অভিযোগে স্থানীয় কিছু লোক রাজশাহী নগরের নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সব কক্ষে গত শনিবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার কথা ছিল। সকাল ১০টার দিকে শিক্ষকেরা বিদ্যালয়ের মাঠে ফলাফল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নওদাপাড়া এলাকার আবদুল কুদ্দুসের নেতৃত্বে আট-দশজন লোক এসে প্রধান শিক্ষকের কার্যালয়সহ বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। দল বেঁধে লোকজন বিদ্যালয়ে তালা দিচ্ছেন দেখে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ভয়ে চলে যায়। মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে আবদুল কুদ্দুস বলেন, প্রধান শিক্ষিকা স্থানীয় লোকজনকে বাদ দিয়ে গোপনে কমিটি করেছেন। স্থানীয় লোকেরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা মেটান। আর প্রধান শিক্ষিকা তাঁদের বাদ দিয়ে কমিটি করেছেন। শুধু তা-ই নয়, কমিটি করে তা তিনি গোপন রেখেছিলেন। তিনি জানান, এখানকার স্থানীয় লোক হিসেবে তিনি বিদ্যালয়ে তালা দিয়েছেন। প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম জানান, তিনি নিয়ম অনুযায়ী কমিটি করেছেন। স্থানীয় সাংসদ বিধি অনুযায়ীই সভাপতি মনোনয়ন দিয়েছেন। এ ব্যাপারে তাঁর কিছু করার নেই। কমিটি করার পর প্রায় ছয় মাস হয়ে গেছে। এ পর্যন্ত তাঁরা কেউ কিছু বলেননি। হঠাৎ আজ তাঁরা এসে বিদ্যালয়ে তালা দিয়ে গেলেন।