গোপনে কমিটি গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়টিতে লেখাপড়ার পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ঘটনা নিরসনে অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা পারভীন গত বুধবার সরেজমিনে ঘটনা তদন্তে যান। এ সময় অভিভাবকসহ স্থানীয় লোকজন বিক্ষোভ করে অবিলম্বে নির্বাচন বাতিল করার দাবি জানান। তিনি উভয় পক্ষের বক্তব্য শোনেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত শতাধিক অভিভাবক ও স্থানীয় লোকজন তদন্তকারী কর্মকর্তাকে (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) জানান, বাস্তবে স্কুলের ব্যবস্থাপনা কমিটির কোনো ভোটই হয়নি। অথচ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায় কাগজপত্রে ভোট দেখিয়ে রেদওয়ানুল হককে সভাপতি বানিয়েছেন। অভিভাবকদের লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে অনিয়মতান্ত্রিকভাবে তড়িঘড়ি করে গোপনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করেছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি রেদওয়ানুল হক দাবি করেন, নিয়ম অনুযায়ীই ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে, কোনো অনিয়ম হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায় জানান, পাঁচটি অভিভাবক সদস্য পদের নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে একজন প্রার্থী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় পাঁচ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তদন্ত কর্মকর্তা দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।